আলীকদমে উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে আলীকদম থানা পুলিশের একটি মোবাইল টিম এবং আলীকদম সেনাজোনের একটি টহল দল আলীকদম-থানচি সড়কের ১১ কিলোমিটার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ওই এলাকার বাসিন্দা মাংরুম ম্রোকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
আটক মাংরুম ম্রো আলীকদম সদর ইউনিয়নের ২৯১ নম্বর তৈনফা মৌজার লংধং পাড়ার বাসিন্দা। অভিযান শেষে উদ্ধার হওয়া গুলিগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করে তাকে আলীকদম থানায় নিয়ে আসা হয়।
আলীকদম থানার পুলিশ জানায়, এ ঘটনায় এসআই মোহাম্মদ আব্দুস ছালাম বাদী হয়ে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আমজাদ হোসেন বলেন, ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক একজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক ব্যক্তি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কেদারঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম সেনা জোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের একটি টহল দল কেদারঝিরি এলাকায় অভিযান চালিয়ে চংলক ম্রোকে সন্দেহজনক অবস্থায় আটক করে। পরে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশের সমন্বিত টহলদল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
এ সময় সরেজমিনে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৯০ পিস অক্ষত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কিছু ইয়াবা ভাঙা অবস্থায় পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।