ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক আমলা- কক্সবাজারের সাবেক আরডিসি এ আর এম খালেকুজ্জামান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এ আর এম খালেকুজ্জামানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এ আর এম খালেকুজ্জামান কুমিল্লার হোমনা উপজেলার তেভাগিয়া গ্রামের বাসিন্দা এবং সাবেক বিমানবাহিনীর সার্জেন্ট মরহুম এ কে এম অহিদুজ্জামানের জ্যেষ্ঠ সন্তান। তিনি রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) থেকে কৃষিতে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।
কর্মজীবনে সপ্তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা বগুড়ায় তাঁর সরকারি চাকরি শুরু করেন। চাকরিজীবনে তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কক্সবাজারের সাবেক আরডিসি ছিলেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে উপসচিব পদে থাকাকালে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান।