রামুর বাইপাসে চলন্ত বাসে ককটেল নিক্ষেপ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ব্যানার টাঙ্গিয়ে তালা, টেকনাফে মশাল মিছিলে বিজিবির সদস্যকে গুলি, সদর উপজেলার বাস টার্মিনালে বাসে আগুনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৎপরতায় নতুন করে ভাবিয়ে তুলেছে প্রশাসনকে।
জানা গেছে, জেলার ৫টি উপজেলার ১৭ টি এলাকায় প্রকাশ্যে ব্যানার নিয়ে মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ। ফলে ডিসেম্বরে আওয়ামী লীগের ডেটলাইন ঘিরে প্রশাসনের প্রস্তুতি নিয়ে সন্দিহান খোদ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
তবে পুলিশ সুপার আনম সাজেদুর রহমান বলছেন, কক্সবাজারের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ তৎপর রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ কোন সংগঠন যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ, রাতে মিছিল ও অগ্নিসংযোগকারীদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। নাশকতা, বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর কর্মসূচি নিয়ে শিগগিরই মাঠে নামবে পুলিশ ।
এদিকে জেলার বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা যানবাহন ও গুরুতৃপূর্ণ স্থানে প্রকাশ্যে একেরপর এক মিছিল-বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট অনেকে বলছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমাবেশ, বিক্ষোভ মিছিল, ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন-হামলার ঘটনায় সর্বত্র আতষ্ক বিরাজ করছে। এ নিয়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
জেলা বিএনপির মুখপাত্র ও দপ্তর সম্পাদক মো ইউসুফ বদরী জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসাবে মাঠে যেভাবে তৎপরতা চালিয়েছে, বিশেষ করে চকরিয়া, রামু, টেকনাফ ও সদরে -তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতংক বিরাজ করলেও আমরা দলীয় নেতাকর্মীরা মাঠে সজাগ থাকায় তেমন দৃশ্যমান হয়নি। তাদের কর্মকান্ড সাধারণ মানুষ ভালোভাবে গ্রহন করেনি। এটিকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখছি।
তিনি বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা কর্মসূচি পালন করবে। আমরা ডিসেম্বরকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশনা, বিশেষ করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপি ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচি পালন করবে। পলাতক শেখ হাসিনা ডিসেম্বরে যে প্রত্যাবর্তনের কথা বলছেন সেটা 'আকাশ-কুসুম' কল্পনা।
তিনি প্রশাসনকে এ বিষয়ে সজাগ থাকার আহবান জানান।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র বিক্ষোভ মিছিল ও অশ্নিসংযোগের ভিডিও থাকলেও জড়িতদের গ্রেফতার বা প্রতিৱোধে অনেকটাই অন্ধকারে আইনশৃঙলা বাহিনী। যেসব স্থানে হামলা, আশ্নিসংযোগ, ককেটল বিক্ষোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটছে এর মধ্যে কিছু ঘটনাস্থল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। বিশেষ করে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে, টেকনাফ পৌরসভার এলাকায় , রামুর চা বাগান প্রধান সড়কে, উখিয়ার থাইনখালী প্রধান সড়কে, কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার অভ্যন্তরে সিসিটিভি থাকলেও অগ্নিসংযোগে ও ককটেল নিক্ষেপ, বিক্ষোভে জড়িতদদের সনাক্ত এবং গ্রেপ্তারে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার জানান, কক্সবাজারের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে জেলা পুলিশ তৎপর রয়েছে। গত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ঘটনাগুলো পুলিশ মনযোগ সহকারে তদন্ত করছে। বিশেষ করে চকরিয়া, রামু, টেকনাফ এবং সদরে ককটেল নিক্ষেপ, রাতের আঁধারে ব্যানার নিয়ে মিছিলকারীদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে অনেককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ডিসেম্বর ঘিরে আওয়ামীলীগের যে ডেডলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ব্যাপারেও পুলিশ সতর্ক রয়েছে। মাঠে সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতামূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নানা পরিকল্পনা নিয়ে মাঠে নামবে পুলিশ। ইতোমধ্যে সকল থানায় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার।