গিয়াস উদ্দিন
কংক্রিট আর পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পড়ে পানি। ছাদের সিলিংয়ে সেই পানি শুকিয়ে যাওয়ার কালো ছোপ ছোপ দাগ। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে, জরাজীর্ণ হলেও নিয়মানুযায়ী ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। ফলে সেই জরাজীর্ণ ভবনে দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই লোকজন বাস করছেন। এ চিত্র কক্সবাজারের টেকনাফ উপজেলার সরকারি আবাসিক ভবনগুলোর।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন থাকলেও সেগুলো ঝুঁকিপূর্ণ। তাই কয়েকজন কর্মকর্তা অন্যত্র ভাড়া বাসায় থাকেন। তবে, বাকিরা ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে বসবাস করছেন এসব ভবনে। গাছপালা ঝোপঝাড়ে একাকার হয়ে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে সেগুলোতে।
উপজেলা পরিষদের তথ্যসূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য ১৯৭৪ সালে-টু ইন ওয়ান, টু ইন টু ও জলনিধি (উপজেলা নির্বাহী কর্মকর্তা), ১৯৮৬ সালে করবী, হাসনাহেনা, মল্লিকা ও উপজেলা ডরমিটারি,১৯৮৮ সালে দোলন-চাপা ও রজনীগন্ধ ও ১৯৯৬ সালে উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার ভবনগুলোর নির্মাণ করা হয়েছিল। এসব ভবনে বসবাস করছেন উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা ।
সরেজমিনে দেখা যায়, ভবনগুলোর বাইরে ও ভেতরের দেয়ালের অনেক স্থানে বড় ফাটল। দরজা-জানালা ভেঙে গেছে। ছাদের পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে গেছে। ছাদ ঠেকা দিতে কক্ষের ভেতর বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে। আবার কোনো কোনো ভবনের পলেস্তারা ও বৃষ্টির পানি ঠেকাতে পলিথিন ব্যবহার করা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারী সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি এলে তাদের ব্যবহৃত পোশাক ও বিছানাপত্র পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। ঝড় হলে ভবন ভেঙে পড়ার আশঙ্কায় অনেকেই বাইরে আশ্রয় নেন। কক্ষের ভেতর থাকলে সব সময় আতঙ্ক কাজ করে তাদের মনে।
তারা আরও জানান, ভবনগুলোর এমন বেহাল দশা যে, লোকজন ভেতরে ঢুকতেই ভয় পান। বসবাসের উপযুক্ত পরিবেশ না থাকায় অনেকেই এখানে থাকতে চান না, বদলি হয়ে অন্যত্র চলে যান। কখনও কখনও ছাদের পলেস্তারা ভেঙে পড়ে। সবচেয়ে বেশি নাজুক অবস্থা কর্মচারী ডরমিটরি ভবনের। জরাজীর্ণ এমন ভবনে ঝুঁকি নিয়েই পরিবার নিয়ে বসবাস করছেন উপজেলা অনেক কর্মকর্তারা। যে ভবনে থাকেন সেটির জীর্ণদশা অনেক আগে থেকেই। বর্ষা মৌসুমে একটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছিল।
উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'ছাদ ভেঙে যাওয়ার পরে পলিথিন টাঙিয়ে ও বাঁশের খুঁটি দিয়ে ঠেকিয়ে কোনোভাবে বসবাস করছি। অন্য কোথাও থাকার ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ জেনেও এখানে বসবাস করতে হচ্ছে। জনগণের সেবায় যথাসময়ে অফিসে পৌঁছতে পরিবার-পরিজন নিয়ে কষ্ট করে থাকছি।
দোলনচাঁপা ভবনে বসবাস করতেন কৃষি উপসহকারী শাহজাহান। জীবনের নিরাপত্তার কোনো বিধান নেই। বুকে উপরে ঝুঁকে নিয়ে বসবাস করছি। তারপরও অন্যান্য ভবনের চাইতে আমাদের ভবনটুকু একটু ভালো রয়েছে।'
মল্লিকা ভবনে চার হাজার টাকা ভাড়া দিয়ে থাকেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন। তার পাশের ভবনে স্ত্রী, কলেজ ও স্কুল পড়ুয়া দুই সন্তান নিয়ে বসবাস করেন উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন খান।
তিনি জানান, ওই ভবনে ৪টি বাসা থাকলেও চারটি পরিবার রয়েছেন। পৌর উপজেলায় নয়টি সরকারি ভবন ও একটি ডরমেটরি মধ্য থেকে দুটি ভবন ও ডরমেটরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
টু ইন ওয়ান পরিত্যক্ত ভবনে বসবাস করছেন মোহাম্মদ আলী নামে একজন।
তিনি বলেন, 'সরকারি কর্মকর্তার প্রয়োজনে গাড়ির আশেপাশে থাকতে হয়। ভবনের কোথাও জায়গা না পেয়ে পরিত্যক্ত ভবনে রয়েছি। দুই-একদিনের মধ্যে অন্যত্র চলে যাওয়ার জন্য চেষ্টা চালাছি।'
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো আলাউদ্দিন খান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে ভবনগুলোতে থাকেন, সেগুলোর অবস্থা খুবই খারাপ। তবে এর মধ্যে তিনটি ভবনকে উপজেলা পরিষদ পরিত্যক্ত ঘোষণা করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই।
তিনি বলেন, উপজেলা পরিষদের নয়টি কর্মকর্তা-কর্মচারী আবাসিক ভবন ও একটি কর্মচারী ডরমিটরি ভবন রয়েছে।
১৯৭৪, ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯৬ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। ভবনগুলো অনেক পুরানো, সেই সঙ্গে সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই অন্যত্র বাসা নিয়ে থাকা ছাড়া উপায় নেই।
সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো আলাউদ্দিন খান বলেন, ‘জরাজীর্ণ ভবনের ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের রেজ্যুলেশনে পরিত্যক্ত হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন জেলা প্রশাসক নিয়মানুযায়ী পরিত্যক্ত ঘোষণা করছেন এবং নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দের অপেক্ষা রয়েছি।’