কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদক সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) বিকেলে পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে এই ঘটনার সুত্রপাত হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষের আতঙ্ক বিরাজ করছে। বন্ধ রয়েছে দোকানপাট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনায় জড়িত উভয় পক্ষই মাদক কারবারি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশের সদস্যরা অবস্থান করছেন।
স্থানীয় বাসিন্দা ও উখিয়া থানা পুলিশ জানায়, পালংখালীর বটতলী স্টেশনে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ অবস্থান করছিলেন। এসময় হঠাৎ শাহাদাত হোসেন মুন্নার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে তিনি প্রাণে বাঁচলেও গুলির শব্দে পুরো আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান।
ঘটনার প্রত্যক্ষদর্শী এনজিওকর্মী আয়েশা ছিদ্দিকা বলেন, আমি বিকেলে অফিস থেকে বাসায় ফিরছিলাম। বটতলী স্টেশনে পৌঁছলে দেখি এখানে গোলাগুলি হচ্ছে। এ ঘটনার পর থেকে আমরা পরিবারের সদস্যদের নিয়ে আতংকে আছি। এখানে এক দুইদিন পরপর গোলাগুলির ঘটনা ঘটে। আমরা শান্তি চাই।
এদিকে সন্ধ্যায় আবুল ফয়েজের স্ত্রী বলেন, শাহাদাত হোসেন মুন্নার নেতৃত্বে সন্ত্রাসীরা দিনদুপুরে অস্ত্র, গুলি ও কিরিচ হাতে আমার স্বামীর ওপর হামলা করেছে। আমার স্বামী একজন নিরীহ ব্যক্তি।
এদিকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলি হাতে শাহাদাত হোসেন মুন্নার সঙ্গে আরাফাতও ছিলেন। তাদের দুজনের হাতেই আধুনিক পিস্তল যায়।
অপরদিকে একাধিক স্থানীয় বাসিন্দা জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। এই চক্রে জয়নাল, শামসুল, আরিফ, জিহাদ, মামুন, মিজান ও ছৈয়দ নুরসহ কয়েকজনের সম্পৃক্ত।
জানতে চাইলে অভিযুক্ত জয়নাল আবেদিন বলেন, গুলিবর্ষণের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়ানো হচ্ছে। আমি ঘটনাস্থলে ছিলাম না। মূলত, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার সাড়ে ৭টার দিকে বলেন, মাদক সংক্রান্ত ভাগ বাটোয়ারা নিয়ে ঘটনাটি ঘটেছে। গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বিজিবিও রয়েছে। আমরা জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতার চেষ্টা করছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।