কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় চোর, ছিনতাইকারী ও অপরাধী চক্র দমনে গতকাল বিশেষ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ অভিযানে ৩ জন আইনজীবী, ১ জন হত্যা মামলার আসামী, ১ জন পেশাদার ছিনতাইকারী এবং ৩টি ওয়ারেন্টভুক্ত ১ জন সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানকালে সন্ত্রাস বিরোধী আইনে কক্সবাজার আদালতের ৩ আইনজীবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের সাবরাং এলাকার এ্যাডভোকেট মোহাম্মদ আলম (৫২), পিএমখালী দক্ষিণ নয়াপাড়ার এ্যাডভোকেট মো. দিদারুল আলম (৩২) এবং একই এলাকার এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (৩৬)। পুলিশ রেকর্ড অনুযায়ী, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পূর্বের একটি ফৌজদারি মামলা রয়েছে।
পৌরসভার পেশকার পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে চিহ্নিত ছিনতাইকারী মো. মাঈন উদ্দিন ওরফে জিয়া (৩৩)কে। তার বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল রাখার অভিযোগে পূর্বে একটি মামলা রয়েছে।
এছাড়া নাজিরার টেক এলাকা থেকে মহেশখালীর শাপলাপুরের বাসিন্দা মো. মোস্তাক আহাম্মদ (৩৩)কে মাদক সেবনের অপরাধে এবং সৈকত পাড়ার বাসিন্দা মো. নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে সাজাসহ মোট ৩টি সাজা ও গ্রেফতারি পরোয়ানা চলমান ছিল।
অপরদিকে হত্যাসহ নিয়মিত মামলায় পুলিশ ২ জন আসামীকে গ্রেফতার করেছে। তারা হলেন- হত্যা মামলার আসামী দক্ষিণ পাহাড়তলীর মামুন হোসাইন ওরফে ‘ক্যামেরা ম্যান মামুন’ (২৮) এবং পিএমখালীর মধ্যম পাড়ার আরিফ উল্লাহ (৪০)।
গ্রেফতারকৃত ক্যামেরা ম্যান মামুনের বিরুদ্ধে হত্যা মামলা এবং চুরির আরেকটি মামলা রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, পৌর এলাকা ও আশেপাশের ইউনিয়নগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাই ও চিহ্নিত অপরাধীদের দমনে এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।