চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের পক্ষে বাজি ধরার সাহসও হয়ত কেউ করেনি। কিন্তু প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো স্বপ্নটা দেখেছিলেন। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে এসে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ১ হালি গোল হজমে শুরুতে ধাক্কা খেলেও ক্রমে অপ্রতিরোধ্য হয়ে উঠছে দক্ষিণ আমেরিকার দলটি। শেষ ৩২–এ জার্মানির বিপক্ষে ইস্পাত কঠিন স্নায়ুর প্রমাণ দিয়ে ইতিহাস রচনা করল প্যারাগুয়ে।
সোমবার (২৯ জুন) বোস্টন স্টেডিয়ামে শেষ ৩২–এর ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে চমক দেখাল প্যারাগুয়ে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে রাউন্ড অব ১৬–এ জায়গা করে নিলো প্যারাগুয়ে।
এর আগে নির্ধারিত সময়ের খেলায় দুইদল ১-১ গোলের সমতায় শেষ করেছিল। নাটকীয়তায় ভরা টাইব্রেকারে শেষ হাসি হেসেছে দক্ষিণ আমেরিকার দলটি।
টাইব্রেকারে জার্মানির হয়ে প্রথম শট নিতে এসে মিস করেন কাই হাভার্টজ। তার শট ঠেকিয়ে দেন ওরল্যান্ডো গিল। প্যারাগুয়ের মাউরিসিও, গুস্তাভো গোমেজ এবং মাতিয়াস গালারজার নেয়া প্রথম তিন শটই জালে জড়ায়।
জার্মানির হয়ে ইয়োশুয়া কিমিখ ও জামা মুসিয়ালা সফল পেনাল্টি নিলেও নিক ভল্ডেমট ব্যর্থ হন। তার শট আটকে দিয়ে নায়ক বনে যান গোলরক্ষক গিল।
চতুর্থ শটটি জালে জড়ালেই প্যারাগুয়ের জয় নিশ্চিত হতো, কিন্তু আন্তোনিও সানাব্রিয়া বাইরে মারেন। জার্মানির নাদিম আমিরি পঞ্চম শট জালে জড়ালেও প্যারাগুয়ের ফাবিয়ান বালবুয়েনার শট ঠেকিয়ে দেন মানুয়েল ন্যুয়ের, ৩-৩ এ সমতা।
নাটকীয়তা চূড়ান্ত রূপ নেয় ষষ্ঠ শটটা জোনাথন টাহ বারের ওপর দিয়ে মারলে। কিন্তু হোসে কানালে ন্যুয়েরকে পরাস্ত করে বল জালে পাঠিয়ে প্যারাগুয়েকে শেষ ১৬–এর টিকিট এনে দেন।
বিশ্বকাপে এই প্রথমবার টাইব্রেকারে হারের মুখ দেখল জার্মানি। এর আগে চারবার টাইব্রেকারে যাওয়া ম্যাচে প্রতিবারই জয় পেয়েছিল জার্মানরা।
গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়া জার্মানির দৌড় এবার থামল নকআউট পর্বের প্রথম ম্যাচেই।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলায় বল অধিকাংশ সময় জার্মানির দখলেই ছিল। পুরো ম্যাচে মাত্র ২৫ শতাংশ বল পজেশন ছিল প্যারাগুয়ের। জার্মানি ২১ শটের ৭টি লক্ষ্যে রাখতে পারলেও প্যারাগুয়ে ৭ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পেরেছে।
খেলার গতির প্রতিকূলে প্যারাগুয়েই প্রথম লিড নেয়। প্রথমার্ধের ৪২ মিনিটে হুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। এই লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি জার্মানি। ৫৪ মিনিটে ফ্লোরিয়ান রিৎজের ক্রসে মাথা ছুঁয়ে জালে পাঠান হাভার্টজ। বাকি সময়টা অনেক চেষ্টা করতেও প্যারাগুয়ের রক্ষণদূর্গে আর ভাঙন ধরাতে পারেনি জার্মানি।
অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে বল জালে পাঠান জোনাথন টাহ। কিন্তু ভিএআরে দেখা যায়, গোলের ঠিক আগে গোলরক্ষক গিলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন জার্মানির এক খেলোয়াড়। ফলে ফাউলের কারণে সেই গোল বাতিল করা হয়। টাইব্রেকারে হাভার্টজের পাশাপাশি টাহ–ও পেনাল্টি মিস করেন।