মহেশখালীর পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একাধিক উন্নয়ন প্রকল্পের স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি মহেশখালী পৌরসভা ও ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে এই পরিদর্শন কার্যক্রম চালান।
পরিদর্শনকালে সংসদ সদস্য মহেশখালী পৌরসভায় অবস্থিত জরাজীর্ণ কোস্টাল সেন্টার ভবনটি দ্রুত অপসারণ করে সেখানে একটি নান্দনিক শিশু পার্ক নির্মাণের প্রাথমিক স্থান নির্বাচন করেন। পাশাপাশি মহেশখালী পৌরসভার স্থায়ী ভবনে স্বাভাবিক ও ত্বরান্বিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেন।
একই দিন তিনি ছোট মহেশখালী ইউনিয়নের মুদির ছড়া ও আহমদিয়া কাটা এলাকায় একটি নতুন জেটি ঘাট নির্মাণের স্থান এবং উপকূলীয় বাঁধ সংলগ্ন আরসিসি ঢালাই রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়া ছোট মহেশখালীতে বিদ্যমান পুরানো শিশু পার্কটির জায়গা ঘুরে দেখেন এবং তা নতুন করে আধুনিক রূপে চালু করার ঘোষণা দেন।
পরিদর্শনকালে মহেশখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বনি ইয়ামিন জনি, সাব-অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী (এসও) রাহাদুল ইসলাম, পৌরসভা ও ছোট মহেশখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য জানান, মহেশখালীর প্রতিটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ও বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকায়ন করে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করাই তাঁর মূল লক্ষ্য।