সিনিয়র জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম। রোববার (২৮ জুন) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম সহ দেশের বিভিন্ন বিচারালয় ও বিভাগে কর্মরত একই পদমর্যাদার ১১ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সর্বোচ্চ এই বেতন স্কেল প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৬ এর অনুচ্ছেদ ৩(২) অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যগণকে জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের পদে যোগদানের তারিখ হতে ৫ বছর চাকরি পূর্তিতে সিনিয়র জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা হিসাবে টাকা ৭৮০০০ হাজার (নির্ধারিত) বেতনস্কেল প্রদান করা হলো। এটি অধস্তন বিচার বিভাগের সর্বোচ্চ পদ ও সর্বোচ্চ বেতন স্কেল।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন কাঠামো অনুযায়ী জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারকের মূল বেতন ৭০ হাজার ৯২৫ টাকা। তবে বিধি অনুযায়ী জেলা জজ হিসেবে ৫ বছর চাকরি পূর্তির পর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে সরকারের সচিবদের সমান অর্থাৎ ৭৮ হাজার টাকা মূল বেতন পান সিনিয়র জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচারকবৃন্দ।
বিচারক মোহাম্মদ আবদুর রহিমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত :
২০২৫ সালের ২৩ অক্টোবর মোহাম্মদ আবদুর রহিম’কে কক্সবাজারের নতুন জেলা ও দায়রা পদে পদায়ন করা হয়। কক্সবাজারের ১৯তম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম বিসিএস (জুডিসিয়াল) ২৪তম ব্যাচ এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) দ্বিতীয় ব্যাচের একজন সদস্য। ২০০৬ সালে তিনি একজন নবীন বিচারক হিসাবে বাংলাদেশের বিচার বিভাগে যোগ দেন। তিনি কক্সবাজারে জেলা জজ জজ পদে যোগদানের আগে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে কর্মরত ছিলেন। এর তিনি আগে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদেও কক্সবাজারে দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাসিন্দা বিচারক মোহাম্মদ আবদুর রহিম এর সহধর্মিণী জান্নাতুল ফেরদৌসও একজন বিচারক। তিনিও বর্তমানে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে কর্মরত রয়েছেন।