দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধ ও এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে কক্সবাজারের ঈদগাঁওয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের সদস্যরা।
অভিযানকালে উপজেলা অস্থায়ী কার্যালয় চত্বর এবং আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। কোনো স্থানে যেন ড্রেন বা পাত্রে পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্কতা জোরদার করা হয়। পরিচ্ছন্নতার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। নিজ নিজ বাড়িঘর, কর্মস্থল ও আঙিনা পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি অপসারণের গুরুত্ব তুলে ধরে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আসিফ মাহমুদ এবং জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিম লিডার ও সাংবাদিক আজিজুর রহমান রাজুর নেতৃত্বে সংগঠনের একদল স্বেচ্ছাসেবক এ অভিযানে সরাসরি অংশ নেন।
কর্মসূচি থেকে বার্তা দেওয়া হয়-ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারের একক দায়িত্ব নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিকভাবে সচেতন হলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।