উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, 'সবার আগে বাংলাদেশ স্লোগান' ধারণ করে, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের অগ্রগতি উন্নয়নে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সাথে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার উখিয়ার কোটবাজার স্টেশনে উখিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহাজাহান চৌধুরী এমপি এ কথা বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিনের পরিচালনায় যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী, উপজেলা কৃষকদলের সদস্যসচিব ও যুবনেতা সাদমান জামি চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা আরফাত চৌধুরীসহ যুবদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান বলেন, যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল এবং দলের সাংগঠনিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।