জাপানে চলমান ২০২৬ এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তার ও মো. মান্নানের অভিযান দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়েছে। বৈরী আবহাওয়া ও প্রতিকূল ঢেউয়ের কারণে আগের দিনের খেলা বন্ধ থাকার পর রোববার সকালে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে আবারও প্রতিযোগিতা শুরু হয়।
বাংলাদেশ সার্ফিং দলের টিম অফিসিয়াল মো. সাইফুল্ল্যাহ সিফাত জানান, সকালে সমুদ্রে ঢেউ দেখা দেওয়ায় আয়োজকরা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সকাল ৭টায় মেয়েদের বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়। অষ্টম হিটে অংশ নেন বাংলাদেশের ফাতেমা আক্তার।
শুরুতে ভালো পারফরম্যান্স করে প্রায় ১০ মিনিট পর্যন্ত লিডে ছিলেন ফাতেমা। তবে পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী কয়েকটি ভালো ঢেউ কাজে লাগিয়ে এগিয়ে যান। শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েন ফাতেমা।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় ছেলেদের বিভাগের দ্বিতীয় রাউন্ড। তৃতীয় হিটে থাইল্যান্ডের প্রতিযোগীর বিপক্ষে অংশ নেন বাংলাদেশের মান্নান। শুরু থেকেই দারুণ পারফরম্যান্স করে প্রায় ২২ থেকে ২৩ মিনিট পর্যন্ত লিড ধরে রাখেন তিনি।
তবে শেষ দুই মিনিটে মান্নানের অবস্থান থেকে কাঙ্ক্ষিত ঢেউ না আসায় পরিস্থিতি বদলে যায়। অন্য পজিশনে পাওয়া ভালো ঢেউ কাজে লাগিয়ে থাইল্যান্ডের প্রতিযোগী শেষ মুহূর্তে মান্নানকে পেছনে ফেলে দেন। ফলে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েন বাংলাদেশের এই সার্ফারও।
সাইফুল্ল্যাহ সিফাত বলেন, মান্নানের পারফরম্যান্সের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা। অনেকেই তার বিদায়কে দুর্ভাগ্যজনক হিসেবে দেখেছেন। বাংলাদেশ দলও আশা করেছিল, মান্নান তৃতীয় রাউন্ডে উঠবেন।
ফাতেমা ও মান্নান-দুজনই দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ায় ২০২৬ এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং অভিযান শেষ হলো। তবে এ খেলায় বাংলাদেশের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে সাইফুল্ল্যাহ সিফাত বলেন, আগামী এশিয়ান গেমসের জন্য আরও ভালো প্রস্তুতি নিয়ে বড় পরিসরে অংশগ্রহণের লক্ষ্য রয়েছে।
এদিকে, আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার কোয়ার্টার ফাইনালসহ পরবর্তী রাউন্ডের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে সূচি কিংবা খেলার ফরম্যাটে পরিবর্তন আসতে পারে।