দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে ঈদগাঁও উপজেলায় ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পরই ঈদগাঁও উপজেলাজুড়ে সমন্বিত অভিযানে নামে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অভিযানকালে ঈদগাঁওর প্রধান বাণিজ্যিক কেন্দ্র (বাজার), প্রধান প্রধান সড়ক এবং জনগুরুত্বপূর্ণ এলাকার জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে নানামুখী দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ বসতবাড়ির আঙিনা, ড্রেন-নালা, জলাশয়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাট-বাজার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখার জোর আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, 'ডেঙ্গু দূরীকরণে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; মশার প্রজনন রোধে প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবৃদ্ধির সুযোগ না তৈরি হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।'
একটি পরিচ্ছন্ন ও ‘ডেঙ্গু-আবর্জনামুক্ত ঈদগাঁও’ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আয়োজকরা সর্বস্তরের জনগণের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, জনস্বার্থে ঘোষিত এ বিশেষ অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাসব্যাপি প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে।