কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নদীতে প্যাকেট ফেলে দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। পরে নদীতে ভাসমান পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
জব্দ করা ইয়াবার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।