কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির বিপুল পরিমান মোবাইল সহ চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ৫৯টি সচল মোবাইল ও ৭৫টি অচল মোবাইল আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে চকরিয়া পৌরশহরের বিভিন্ন মার্কেটে এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের প্রথম পর্যায়ে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের তরছপাড়া থেকে ওবাইদুল হাসান রাকিব (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত একটি মোবাইল ফোনসহ মোট দুটি ফোন উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে , চকরিয়া নিউ মার্কেটের ‘টেক মোবাইল’ শোরুমে অভিযান চালিয়ে দোকানটির মালিক মো.শিবলু (১৯) কে ১৩টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
পরবর্তী সময়ে গ্রেফতার আটককৃতদের তথ্যের ভিত্তিতে, হাজেরা মার্কেটের ‘ইনফিনিটি মোবাইল হাব’-এ অভিযান চালায় পুলিশ। সেখানে আরও ৪২টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইল ফোনের যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ও পলাতক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল ফোন এবং ল্যাপটপ কম দামে বেচাবিক্রি করতেন। পরে সেগুলোর আইএমইআইসহ অন্যান্য তথ্য পরিবর্তন করে বেশি দামে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কিনে আইএমইআই পরিবর্তনের মাধ্যমে বাজারে বিক্রি করে আসছে। তাদের কাছে ডাকাতির লুণ্ঠিত মোবাইলও পাওয়া গেছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।