রামুর কচ্ছপিয়া ইউনিয়নে বিশাল ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের কয়েক শত নেতা-কর্মী। ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে ৪ জনকে। পাশাপাশি জব্দ করেছে ৩ টি মোটর বাইকও। পরে ইউনিয়ন বিএনপি এ ঘটনার প্রতিবাদে মিছিল বের করে একই এলাকায়।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২ টায় ছাত্রলীগ-যুবলীগ ইউনিয়নের গর্জনিয়া বাজার সড়কে এ মিছিল বের করে। প্রতিবাদে বিকেলে গর্জনিয়া বাজারে মিছিল বের করে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
পুলিশ জানায়, দুপুরে এ মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-সমর্থকরা। জেলা ছাত্রলীগ নেতা ইমাদ সিকদারের নেতৃত্বে করা এ মিছিলটি তিতার পাড়া আল-আমিন মার্কেট হয়ে বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিল ছত্রভঙ্গ করে ৩ জনকে আটক করে। পরে আরেকজনকে আটক করে । এ সময় ৩ টি মোটর সাইকেলও জব্দ করে পুলিশ।
রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, হঠাৎ করে এ মিছিল বের করে পরিবেশ নষ্টের যে চেষ্ঠা করা হয়। তা আর করতে দেয়া হবে না। যারা সরকারী নির্দেশ অমান্য করে মিছিল বের করেছে তাদের বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, বিকেলে ইউনিয়ন বিএনপি সভাপতি ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন ও সাংগঠনিক সম্পাদক ডা: শফিক আহমদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করতে এ অপতৎপরতা চালাতে চেষ্টা করছে। যা কোনভাবেই করতে দেয়া হবে না। প্রতিহত করা হবে।