পেকুয়ায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় বারবাকিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভারুয়াখালীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সড়ক সম্প্রসারণের কাজ চলছে। ভারুয়াখালীসহ স্থানীয় প্রতিটি লোকালয়ে এই কর্মযজ্ঞ বর্তমানে বেশ প্রশংসিত হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের বিসিবিএসআর প্রকল্পের আওতায় ভারুয়াখালীতে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কে মাটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে। রব্বানীপাড়া স্টেশনের সামান্য পূর্বে মনোয়ারা মেম্বারের বাড়ি থেকে শুরু হয়ে পূর্ব ভারুয়াখালী হামিদুল্লাহ সড়ক পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সড়কটি। মনোয়ারার বাড়ি থেকে দক্ষিণ দিকে বহমান এই রাস্তাটি মিন্নীর বর বাড়ির নিকট পাহাড়ের গলাচিরা হয়ে ভারুয়াখালী জামে মসজিদে গিয়ে শেষ হয়েছে। এছাড়া পেঠাম্মার ছড়া থেকে পশ্চিম দিকে ফসলি জমিতে বাঁক নিয়ে হামিদুল্লাহ সড়ক হয়ে শীলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব ভারুয়াখালী-কাছারীমোড়া সড়কে গিয়ে মিলিত হয়েছে।
অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির আওতায় জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জন্য সরকার শ্রমিক বরাদ্দ দিয়েছে। এই প্রকল্পের আওতায় নিয়োজিত ৭৫ জন শ্রমিক একটানা ১৮ কার্যদিবস ধরে সড়কের মাটির কাজ ও সংস্কারে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা রফিক আহমদ সন্তুষ্টি প্রকাশ করে জানান, 'আমরা এতদিন খুবই অবহেলিত ছিলাম। পূর্ব অঞ্চলের বিপুল মানুষের যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত নাজুক ছিল। রাস্তার অভাবে গাড়ি তো দূরের কথা, রিকশাও চলাচল করতে পারত না। যুগের পর যুগ আমাদের বাপ-দাদারা কষ্ট করে গেছেন। ইউনুছ মেম্বার উদ্যোগী হয়ে রাস্তাগুলো বড় ও প্রশস্ত করেছেন। মাটির কাজ শেষ হয়েছে, আশা করছি খুব দ্রুত এসব সড়কে ইট বসানোর কাজও বাস্তবায়ন হবে।'
বারবাকিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাস্টার মো. ইউনুছ বলেন, 'মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সবসময় আমার পাশে থেকেছেন। জনগণের সেবক হিসেবে আমি তাদের খেদমত করে যেতে চাই। আমাদের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই কর্মসূচির মাধ্যমে মাটি ভরাট ও গ্রামীণ সড়ক প্রশস্ত করার পাশাপাশি তা ক্রমান্বয়ে ব্রিক সলিংসহ টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে সড়কের একটি বড় অংশে ব্রিক সলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং হামিদুল্লাহ সড়ক ও পেঠাম্মার ছড়ার ওপর তিনটি কালভার্টের নির্মাণকাজ শেষ করা হয়েছে। খুব শীঘ্রই খাল খনন কাজও শুরু হবে। এছাড়া ১ নম্বর ওয়ার্ডের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জার্মানির সহায়তায় ভারুয়াখালীতে একটি আধুনিক মানের ক্লিনিক নির্মিত হচ্ছে, যেখান থেকে স্থানীয়রা মানসম্মত চিকিৎসা সেবা পাবেন।'