বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্তে চোরাকারবার ও অনুপ্রবেশ ঠেকাতে নতুন আরো দু'টি বিজিবি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মো: খায়রুল আলম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নবনির্মিত এ দু'টি বিজিবি ক্যাম্প তথা টিওবি উদ্বোধন করেন, কক্সবাজার রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন। টিওবি দু'টি ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আরচ্ছতলা টিলা এবং হাতুরানী টিলায় এ টিওবি নির্মান করা হয়।
৩৪ বিজিবি সূত্রটি আরো বলেন, নাইক্ষ্যংছড়ির এ সীমান্তটি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনে। আর মিয়ানমার অংশে সে দেশের সংঘাতময় পরিস্থিতিতে অনুপ্রবেশের শঙ্কা থাকে সব সময়। তাই বিজিবিকে সব সময় তটস্থ থাকতে হয়। এ কারণে অপরেশন বা টহল খুবই জরুরী। এ অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের এ দুটো পয়েন্টে এ দু'টি টিওবি স্থাপন করা হয়।
সুত্র মতে,এ সীমান্তে ৩৪ বিজিবির এ দু'টি টিওবির মাধ্যমে নজরদারী বৃদ্ধিসহ চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, অপারেশনাল কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার সুবিধার্থে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় ‘আরচ্ছতলা টিলা’এবং ‘হাতুরানী টিলা’ নামক স্থানে নতুন ২ টি টিওবি স্থাপন করা হয়। রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর, রামু এর দিক নির্দেশনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক আরচ্ছতলা টিলা এবং হাতুরানী টিলা টিওবি’র নির্মাণ কাজ দ্রুততা ও দক্ষতার সাথে সম্পন্ন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার কর্নেল মোঃ আনোয়ারুল আজিম এবং লেঃ কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবি উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।