সারাবিশ্বে মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা ছাড়া সফলতা অসম্ভব। ইসলামের প্রচার, প্রসার এবং বিজয়ের স্বার্থে সকল স্তরের মুসলমানদের এক কাতারে আসতে হবে। বিশ্বব্যাপী ইসলামের বিজয় ছাড়া মুসলমানিত্বের সার্থকতা নাই।
শনিবার (৭ নভেম্বর) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি পাকিস্তানের বিখ্যাত আলেমেদ্বীন আওলাদে রাসুল (স.) সৈয়দ শাহ ফয়সাল নাদিম এসব কথা বলেন।
তিনি বলেন, দুনিয়াকে মূল্যবান করার জন্য আল্লাহতালা তাঁর নবীকে প্রেরণ করেছেন। যারা তার অনুসরণ করবে তারাই সফলকাম।
শনিবার যুহর নামাজের পর থেকে আরম্ভ হওয়া সম্মেলনে বিভিন্ন অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনা করেন, লন্ডনের ইজেএম একাডেমির প্রিন্সিপাল ও এসেক্স জামে মসজিদের খতীব আল্লামা ড. মাহমুদুল হাসান আযহারী, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, ঢাকার প্রসিদ্ধ আলেমেদ্বীন আল্লামা খুরশিদ আলম কাসেমী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ আযহারী ও টেকনাফের আল্লামা মুফতি কেফায়তুল্লাহ শফিক।
ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজারের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে বক্তাগণ বলেন, সমুদ্রের গভীর তলদেশে মহান আল্লাহ অসংখ্য নিয়ামত লুকায়িত রেখেছেন। পর্যটন ও সামুদ্রিক সৌন্দর্য একই সঙ্গে কক্সবাজার বাসি উপভোগ করেন। এটি কক্সবাজারবাসীর একান্ত সৌভাগ্য।
ব্যবসায়ীদের উদ্দেশ্য বক্তারা বলেন, ব্যবসার আড়ালে যেন কোন ধরণের প্রতারণা না হয়। পর্যটকদের সেবা দিতে হবে।
শিশুর মধ্যেই নিহিত রয়েছে আগামীর সমাজচিন্তক ও রাষ্ট্রনায়ক। শিশুর অধিকার সুরক্ষায় পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ববান হতে হবে।
দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার এর সভাপতি মাওলানা মোঃ মুসলিম, হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা ক্বারী মোখতার, রামু মাজহারুল মাদ্রাসার পরিচালক মাওলানা হারুন, রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হেফাজতুর রহমান।
এডভোকেট মাওলানা রিদওয়ানুল কাবীর ও মুফতি দেলোয়ার হোছাইনের সঞ্চালনায় মহাসম্মেলনে দেশবরেণ্য আলেমগণ বক্তব্য রাখেনদেশবরেণ্য আলেমগণ বক্তব্য রাখেন।
মহাসম্মেলনের প্রথম দিনে আলোচনা করেন, ঢাকার প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা জোবাইর হোসাইন কাসেমী, মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী ও চট্টগ্রাম আগ্রাবাদ জামে মসজিদের খতিব মাওলানা রিদওয়ানুল কাদির।
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মুহছেন শরীফের সার্বিক তত্ত্বাবধানে মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।