কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মৃত আবুল খাইরের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং গয়ালমারা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।