সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভর সমাজ গঠনের প্রত্যয় নিয়ে কক্সবাজারে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শহরের পাবলিক লাইব্রেরির হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান পরিবর্তনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের আদর্শ ও চেতনাকে কাজে লাগিয়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সমবায় পণ্যের উৎপাদন, বিপণন ও প্রসারে সমবায়ীদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তাঁরা।
এর আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের প্রতিনিধি, সমবায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।