মহেশখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে সিএনজি থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ মিশাল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া এলাকার ফরেস্ট অফিসের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশের একটি দল সেখানে বিশেষ চেকপোস্ট ডিউটি পালন করছিল। এ সময় মহেশখালী থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।
পুলিশের দাবি, সিএনজিটি থামার পর চালক পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে সন্দেহ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজি অটোরিকশাটি তল্লাশি করা হয়। এ সময় চালকের আসনের নিচে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়।
আটক মিশাল (২১) ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকার মোঃ মোস্তাক ও সামছুন্নাহারের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সুলতান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।