জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে জেলার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নেতৃবৃন্দ ।
রবিবার (২ আগস্ট) সকালে দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছরায় পৌঁছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেখানে প্রথমে শহীদ তানভীর ছিদ্দিকীর পিতাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর শহীদের কবর জিয়ারতে অংশ নেন। সাংবাদিক নেতৃবৃন্দকে কাছে পেয়ে এলাকাবাসী তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। বিশেষ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বাহিনীর জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ পেতে প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন। এ সময় শহীদ তানভীরের পিতা বাদশাহ সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে পেকুয়া মেহেরনামা এলাকায় চিরশায়িত জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারির যোদ্ধা ও চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবরের পাশে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান সাংবাদিক নেতৃবৃন্দ। কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে শরীক হন স্থানীয় সংবাদকর্মীরাও।
জোহর নামাজের পর চকরিয়ার ফাঁসিয়াখালী ছরারকুল বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরসমাহিত শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় শহীদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন ও ছোট ভাই রায়হান হাবীব উপস্থিত ছিলেন। খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।
বিকালে যান শহীদ নুরুল আমিন ও নুরুল মোস্তফার এলাকা ঈদগাঁও। শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের হাতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবর রহমান, কামাল হোসেন আজাদ, মমতাজ উদ্দিন বাহারী, নুরুল ইসলাম হেলালী, শামসুল হক শারেক, ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক এম আর মাহবুব, ছৈয়দ আলম, মোয়াজ্জেম হোসেন শাকিল, ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, এএইচ সেলিম উল্লাহ, শাহেদ মিজান, নুরুল আমিন হেলালী, এহসান আল কুতুবীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।