আজ ১৯ নভেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে সরকারি দলের সংসদীয় কমিটির জরুরি বৈঠক শেষে মহেশখালী-কুতুবদিয়ার বিএনপি পরিবারকে তিনি এই নির্দেশনা দেন।
নির্দেশনায় এমপি আলমগীর ফরিদ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার প্রতিটি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে সংঘবদ্ধভাবে অবস্থান নিতে হবে। কোনো এলাকায় নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দকে জবাবদিহি করতে হবে এবং বিষয়টি কেন্দ্রের ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এরই অংশ হিসেবে মহেশখালী উপজেলার পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ড এবং কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের নেতাকর্মীদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নাশকতাকারীদের দেখামাত্রই আটক করে পুলিশের হাতে সোপর্দ করার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
এদিকে, এমপি আলমগীর ফরিদের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন যুবদল নেতা আ স ম জাহেদুল হক নাহিদ, আনছার উল্লাহ বিএ এবং মোক্তার আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
একইভাবে মাতারবাড়িসহ মহেশখালী ও কুতুবদিয়ার বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা, প্রতিবাদ মিছিল এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আজ সকাল থেকে উপজেলা সদরে নাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।