সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ড. খলিলুর রহমান দুই দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কক্সবাজার আসছেন। সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি কক্সবাজার সার্কিট হাউসে গিয়ে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টায় সার্কিট হাউস থেকে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন ও অন্যান্য কার্যক্রমে অংশ নেবেন।
ক্যাম্প পরিদর্শন শেষে দুপুর সোয়া ১২টায় কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত হয়ে দুপুর ১টা ১০ মিনিটে ইউএস-বাংলার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তাঁর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রেজাউল হক স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়, সরকারি এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের ২-৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন। ভিভিআইপি এই সফর ঘিরে কক্সবাজার জেলা প্রশাসন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।