চকরিয়া উপজেলা সদরের উত্তরে মাতামুহুরী সেতুর উপর পার্কিং করে রাখা অবস্থায় ঈগল পরিবহনের একটি মিনি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে হঠাৎ করে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা এলাকার এই ব্রিজে দাঁড়িয়ে থাকা বাসটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুনে বাসটির পেছনের অনেকটা অংশ পুড়ে গেছে এবং জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই বাসটি চকরিয়া কক্সবাজার সড়কে যাত্রী পরিবহন করতো বলে জানিয়েছেন স্থানীয় পরিবহন শ্রমিকরা।
স্থানীয় লোকজন ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা এলাকার মাতামুহুরী ব্রিজের ওপর ঈগল পরিবহনের বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। এরইমধ্যে বুধবার ভোররাতে হঠাৎ করে বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি এবং মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকা বাসটিতে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি এবং বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ভোররাত পার্কিং করা অবস্থায় ঈগল পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। এতে বাসের পেছনের অংশে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, বাসে আগুন লাগার ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এবিষয়ে পরিবহন মালিকপক্ষ থানায় অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।