কক্সবাজার পৌরসভার পাহারতলী এলাকায় দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে থাকা নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার ( ১৪ মার্চ ) দুপুরে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী, সদর মডেল থানার ওসি ছমি উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এমপি লুৎফুর রহমান কাজল বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।'
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, যত্রতত্র ময়লা ফেলে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ছড়াটির প্রস্থ ছিল ২০ফিটের মত, কিন্তু অর্ধেকে নেমে এসেছে। প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন প্রকল্পের ঠিকাদার নিয়োগের পূর্বে আজকে থেকে পৌরসভার ১ টি স্কেভেটর ও ২ টি ট্রাক নিয়মিত কাজ করবেন এই খালটি খননের জন্য।
একইদিন সকাল সাড়ে ১১টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ায় মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অনুষ্ঠানে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করেছেন। সম্পূর্ণ বিনা খরচে ঘরে বসেই আপনারা এই কার্ড পাবেন।'
এদিন, ৩৬৬ জন নারী-পুরুষের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়। তিনি এ কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও সম্প্রসারণের আহ্বান জানান।