উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
রোববার তাকে সেখানে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার তথ্য দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।
শনিবার রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার সকাল ৯টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। সব কিছু ঠিক থাকলে বেলা সাড়ে ১১টার মধ্যে ফ্লাই করবেন।
“সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নিউরো সায়েন্স বিভাগে ভর্তির সব কিছু সম্পন্ন হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে ওনার সঙ্গে আফরোজা আব্বাস ভাবী ও ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জাফর ইকবাল যাবেন।”
অধ্যাপক জাহিদ বলেন, ‘‘আমি দিনাজপুর থেকে ঢাকায় এসেই এভারকেয়ার হাসপাতালে ওনাকে দেখতে গিয়েছি। মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা হয়েছে। ওনার সিটি স্ক্যান রিপোর্টও ভালো।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং বিদেশে দ্রুত পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
মির্জা আব্বাসের মস্তিস্কে গত শুক্রবার অস্ত্রোপচার করা হয়। পৌর চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।
গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।