সাইফুল আফ্রিদি
কক্সবাজারের ঝাউবনে কোথাও গাছের মাথা ছাঁটাই করা, কোথাও মাটিতে পড়ে আছে কাটা ডালপালার স্তূপ। আবার কয়েকটি স্থানে দেখা গেছে পুরোনো গুঁড়ি ও কাটা গাছের কাণ্ড। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পর্যটন কার্নিভালের জন্য গাছ কাটার অভিযোগ ওঠে। পরিবেশবাদীরাও প্রতিবাদে মাঠে নামেন। এর মধ্যে বন বিভাগের হিসাব বলছে, কার্নিভালের আগে ২৩টি লটে ৭১২ টুকরা কাঠ বিক্রি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ২ হাজার ২৩১ ঘনফুট। বর্তমানে আরও ৭৫ টুকরা কাঠের একটি লটের হিসাব করা হচ্ছে। তবে বন বিভাগের দাবি, এসব কাঠ বিক্রি ও গাছ ছাঁটাইয়ের সঙ্গে কার্নিভালের কোনো সম্পর্ক নেই।
কার্নিভালের নামে ঝাউবাগান ধ্বংস এবং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ আইন উপেক্ষার অভিযোগ তুলে বুধবার সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন পরিবেশবাদীরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নদী পরিব্রাজক দল, আমরা কক্সবাজারবাসী, কক্সবাজার সোসাইটি ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) সমন্বয়ে এ কর্মসূচি পালিত হয়। তাঁদের অভিযোগ, পর্যটন কার্নিভালের নামে ঝাউবাগান ধ্বংস করা হচ্ছে।
অভিযোগ যাচাইয়ে জেলা প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, সিভিল এভিয়েশন, পুলিশ ও পর্যটন কার্নিভাল-সংশ্লিষ্ট প্রতিনিধিরা বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাছ কাটার ছবিগুলোর সঙ্গে পর্যটন কার্নিভালের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, ‘আমরা বিভিন্ন ছবি দেখেছি। সেগুলো যাচাই করতেই সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সরেজমিন পরিদর্শনে এসেছি। তবে এখানে যেসব গাছ কাটার দৃশ্য ছবিতে দেখেছি, সেগুলো পর্যটন কার্নিভালের সঙ্গে সংশ্লিষ্ট বলে আমাদের মনে হয়নি। বন বিভাগ ও সিভিল এভিয়েশন তাঁদের অবস্থান পরিষ্কার করেছেন। জানতে পেরেছি, এগুলো তাঁদের নিয়মিত কার্যক্রমের অংশ। শীতকালে বিমান চলাচলের কারণে কিছু গাছ ছাঁটাই করা হয়েছে।’
তিনি আরও বলেন, তিন মাসের পর্যটন কার্নিভাল ইতিবাচকভাবে শুরু করতে চান তাঁরা। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিয়ে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সভা করা হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের এরোড্রাম কর্মকর্তা মো. নাছিমুল গণি বলেন, কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০টি উড়োজাহাজ ওঠানামা করে। শীতকালে বাতাসের দিক পরিবর্তনের কারণে দক্ষিণ দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করে। এ সময় রানওয়ের ৩৫ প্রান্ত দিয়ে নামার ক্ষেত্রে নির্ধারিত তিন ডিগ্রি গ্লাইড স্লোপ বজায় রাখা জরুরি। পাইলটদের প্রতিবেদনেও গাছের উচ্চতার কারণে এ ক্ষেত্রে সমস্যা হওয়ার বিষয়টি উঠে এসেছে। তাই প্রতিবছরের মতো এবারও নির্ধারিত উচ্চতার বেশি হওয়া গাছের ওপরের ডালপালা ছাঁটাই করা হয়েছে।
তিনি দাবি করেন, কোনো গাছ গোড়া থেকে কাটা বা উপড়ে ফেলা হয়নি; শুধু বিমান নিরাপদে অবতরণের স্বার্থে ডালপালা ছাঁটাই করা হয়েছে। অর্থাৎ, কার্নিভালকে কেন্দ্র করে নতুন করে এ কাজ শুরু হয়নি; এটি প্রতিবছরের নিয়মিত কার্যক্রম।
বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (কক্সবাজার দক্ষিণ) কাজী তারিকুর রহমান বলেন, ‘এখানে গাছ কাটা হয়েছে, কিন্তু গাছগুলো মূলত কার্নিভালের জন্য কাটা হয়নি। কার্নিভালের প্রস্তুতি নেওয়ার আগে সিভিল এভিয়েশন বিমান চলাচল নির্বিঘ্ন করার জন্য গাছের ওপরের কিছু অংশ ছেঁটে ফেলেছে। ঝাউগাছ অনেক লম্বা হওয়ায় ওপরের ডালপালার পরিমাণও অনেক। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ডালপালার স্তূপের ছবি দেখা যাচ্ছে, সেগুলো মূলত সিভিল এভিয়েশনের ছাঁটাই করা অংশ।’
গাছের গুঁড়ি প্রসঙ্গে তিনি বলেন, ‘যেসব গুঁড়ি দেখা যাচ্ছে, সেগুলোর অধিকাংশই পুরোনো। বেশ কিছুদিন আগে ঝড়ে পড়ে যাওয়া কিছু গাছ নিলামে বিক্রি করা হয়েছে। সেসব গাছের মোথার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিলামে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’
কাঠ বিক্রির হিসাব তুলে ধরে কাজী তারিকুর রহমান জানান, পর্যটন কার্নিভালের আগে ২৩টি লটে ৭১২ টুকরা কাঠ বিক্রি করা হয়েছে। এসব কাঠের পরিমাণ প্রায় ২ হাজার ২৩১ ঘনফুট। বর্তমানে আরও ৭৫ টুকরা কাঠের একটি লট রয়েছে। এগুলো ঘনফুটে নয়, রানিং ফুট হিসেবে হিসাব করা হয়েছে; পরিমাণ প্রায় ১ হাজার ২২২ রানিং ফুট।
তিনি বলেন, জায়গাটির মালিক পর্যটন করপোরেশন। সরকারি কোনো সংস্থা তাদের গাছ বিক্রি করতে চাইলে বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। এরপর বন বিভাগ কাঠের মূল্য নির্ধারণ করে। আগে বন বিভাগের লাগানো গাছ হওয়ায় সেগুলো বিক্রির দায়িত্ব বন বিভাগ পালন করে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়।
কাজী তারিকুর রহমান বলেন, পর্যটন করপোরেশন বা সিভিল এভিয়েশন গাছ কাটার প্রয়োজন মনে করলে বন বিভাগকে চিঠি দেয়। সেই চিঠির ভিত্তিতেই বন বিভাগ গাছ কাটার ব্যবস্থা করে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুহুল আমিন খান বলেন, ‘পরিবেশগত দিক থেকে বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক হবে যদি জায়গাটি ইসিএ এলাকা হয়। এখানে বন বিভাগ তাদের বক্তব্য দিয়েছে। জায়গাটির মালিক পর্যটন করপোরেশন। সিভিল এভিয়েশনেরও বিমান চলাচলের নিরাপত্তার স্বার্থে কিছু গাছ ছাঁটাই বা কর্তনের প্রয়োজন রয়েছে। আমাদের মনে হচ্ছে না, এখানে পরিবেশ সংরক্ষণ ব্যাহত হচ্ছে বা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) এহসানুল কবীর বাপ্পী বলেন, ‘আমাদের কার্নিভালের পরিকল্পনা সম্পূর্ণ পরিবেশ ও ইকোসিস্টেমকে ঘিরে। এখানে যা কিছু আছে, এই গাছগুলো রেখেই আমাদের আয়োজন করতে হবে। বরং আরও গাছ থাকলে আমাদের জন্য সুবিধা হতো। কাজেই গাছ কাটার প্রশ্নই আসে না।’
তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে হেলে পড়া বা ঝড়ে ভেঙে যাওয়া গাছ এবং বিমান চলাচলের নিরাপত্তায় ছাঁটাই করা গাছের অংশ পর্যায়ক্রমে বন বিভাগ সরিয়ে নিচ্ছে।
# কার্নিভাল ঘিরে অন্য বিতর্ক
গাছ কাটার অভিযোগের পাশাপাশি কার্নিভালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জলকন্যা বা মারমেইডের ভাস্কর্যের একটি ছবিও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এহসানুল কবীর বাপ্পী বলেন, ছবিটি কক্সবাজারের নয়, ভারতের ওড়িশার একটি সমুদ্রসৈকতে তৈরি ভাস্কর্যের। সেটিকে কক্সবাজারে কার্নিভালের জন্য নির্মিত শিল্পকর্ম হিসেবে প্রচার করা হচ্ছে। কার্নিভালে জলকন্যার কোনো ভাস্কর্য তৈরির পরিকল্পনা নেই।
তিনি জানান, কার্নিভালে ডলফিন, বাচ্চাসহ হাতি, সুন্দরবনের বাঘ, শহীদ মিনার ও জাতীয় সংসদ ভবনের বালুর ভাস্কর্য তৈরির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সাম্পান নিয়ে মাছ ধরতে যাওয়া জেলের জীবন এবং রামুর হাতির ঐতিহ্য তুলে ধরেও শিল্পকর্ম তৈরি করা হবে।