সাইফুল আফ্রিদি
পর্যটন নগরী কক্সবাজারে একের পর এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুনের আতঙ্কে কখনো গভীর রাতে, কখনো দিনের বেলায় হোটেল ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন পর্যটকেরা। বহুতল হোটেল ভবনে অগ্নিনিরাপত্তার ঝুঁকির পাশাপাশি রয়েছে পাহাড়ধস, সমুদ্রে দুর্ঘটনা, নৌযানডুবি ও সড়ক দুর্ঘটনার মতো নানা বিপদ। অথচ এসব দুর্যোগে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত জনবল এখনো নেই কক্সবাজার ফায়ার সার্ভিসে।
এমন পরিস্থিতিতে পর্যটন নগরীর নিরাপত্তা জোরদারে বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক ফায়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমির দখল নিয়ে জটিলতায় আটকে আছে প্রকল্পটি। স্টেশন নির্মাণের জন্য কেনা ৮০ শতক জমির মধ্যে মাত্র ১৭ শতক বুঝে পেয়েছে ফায়ার সার্ভিস। বাকি ৬৩ শতক জমি দখলে রেখেছেন ১৯ ব্যক্তি। সম্প্রতি তাঁদের নাম-ঠিকানাসহ তালিকা জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
গত অক্টোবর ও চলতি মাসে কক্সবাজারে কয়েকটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পর্যটকদের অনেককে গভীর রাতে এবং দিনের ব্যস্ত সময়ে হোটেল ছেড়ে বেরিয়ে আসতে হয়। এর আগেও টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনের মৃত্যুর ঘটনা পর্যটন নগরীর হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
কক্সবাজারে পর্যটকদের আবাসনের জন্য রয়েছে পাঁচ শতাধিক আবাসিক হোটেল-মোটেল। পর্যটন মৌসুমে দেশের ৬৪ জেলা থেকে আসা হাজারো পর্যটকের অবস্থান হয় এসব হোটেলে। ফলে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর সক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। শুধু আগুন নয়, ভৌগোলিক অবস্থানের কারণে কক্সবাজারে পাহাড়ধস, সমুদ্রে গোসলে নেমে দুর্ঘটনা, নদী ও সাগরে নৌযানডুবির মতো ঘটনাও ঘটে নিয়মিত। এসব ঘটনায় উদ্ধারকাজের জন্য ডুবুরি দল ও বিশেষায়িত যানবাহনের প্রয়োজন রয়েছে।
কিন্তু বর্তমানে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি প্রথম শ্রেণির স্টেশনের ওপরই বড় ধরনের উদ্ধার তৎপরতার চাপ রয়েছে। আধুনিক ফায়ার স্টেশন নির্মাণ হলে নতুন করে ৬৫ জন জনবল, ডুবুরি দল ও অ্যাম্বুলেন্স টিম যুক্ত হওয়ার কথা। বহুতল ভবনে আগুন নেভানো ও উদ্ধারকাজের জন্য বরাদ্দ রয়েছে টিটিএল, স্নোকেল এবং বীমা নামের বিশেষায়িত যানবাহন। তবে স্টেশন নির্মাণের জায়গা না থাকায় এসব মূল্যবান গাড়ি বর্তমানে চট্টগ্রামে পড়ে রয়েছে।
আধুনিক ফায়ার স্টেশনের জমি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কক্সবাজার সফরে এসে শহরের হিলটপ সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জেলা প্রশাসনকে দ্রুত জমিটি দখলমুক্ত করার নির্দেশ দেন। কিন্তু এরপর সাড়ে সাত মাস পেরিয়ে গেলেও জমি উদ্ধার হয়নি। সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর জমির অবৈধ দখলদার হিসেবে ১৯ জনের নাম-ঠিকানার তালিকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, কক্সবাজারের জন্য দুটি স্টেশন বরাদ্দ রয়েছে। এর মধ্যে একটি আধুনিক ফায়ার স্টেশন এবং অন্যটি প্রথম শ্রেণির স্টেশন। কিন্তু জমির দখল বুঝে না পাওয়ায় আধুনিক স্টেশন নির্মাণ করা যাচ্ছে না। বর্তমানে মাত্র ৩৫ জন জনবল নিয়ে কাজ চালাতে হচ্ছে। আধুনিক স্টেশন চালু হলে দুই স্টেশন মিলিয়ে প্রায় ১০০ জন সদস্য কাজ করতে পারবেন। পাশাপাশি উদ্ধারকাজে যুক্ত হবে তিনটি উন্নতমানের গাড়ি।
তিনি বলেন, ভৌগোলিকভাবে কক্সবাজার অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা। এখানে পাহাড়ধস, সমুদ্র ও নদীতে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনাসহ নানা ধরনের উদ্ধারকাজ করতে হয়। নিরাপদ কক্সবাজার গড়তে দ্রুত আধুনিক ফায়ার স্টেশন নির্মাণ জরুরি।
জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের তথ্যমতে, শহরের জাম্বুর মোড় এলাকায় ডিসি বাংলোর নিচে আধুনিক ফায়ার স্টেশন নির্মাণের জন্য ২০২০ সালের ১৪ অক্টোবর ৮০ শতক জমি কেনে ফায়ার সার্ভিস। গণপূর্ত অধিদপ্তরের ৬ নম্বর খতিয়ান থেকে কেনা এই জমির মাত্র ১৭ শতক বুঝে পায় সংস্থাটি। বাকি ৬৩ শতক জমিতে কয়েকটি পরিবারের বসবাস ও স্থাপনা রয়েছে।
দীর্ঘদিন ধরে জমি উদ্ধারের চেষ্টা চললেও দখলদারদের বাধার মুখে সীমানা নির্ধারণ ও বুঝে নেওয়ার কাজ এগোয়নি। সম্প্রতি ভূমি অফিসের সহযোগিতায় জমির সীমানা নির্ধারণের পর অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে গণপূর্ত অধিদপ্তর।
সরকারি সেই তালিকায় থাকা ১৯ জন হলেন, আবদু রশিদ, সিরাজ মিয়া, আবদুর রব, আবদুল হামিদ, আবদুল হালিম, কহিনুর বেগম, আবদুল হাকিম, নারায়ণ দাশ, নুরুল ইসলাম, মিন্টু দাশ, মো. আলমগীর, আবু তাহের, মো. ফরিদ, জগদীশ পাল, নুরুচ্ছপা, সাইফুল ইসলাম মলয়, মো. নাজমুল, নাসির মাহমুদ ও লক্ষ্মী রাণী।
কক্সবাজার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.শফিকুর রহমান চৌধুরী বলেন, জেলা প্রশাসন আমাদের কাছ থেকে দখলদারদের তালিকা চেয়েছে, আমরা দখলদার ১৯ জনের একটি তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছি।
তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের কয়েকজন। তাঁদের দাবি, ফায়ার সার্ভিস জমি কেনার অনেক আগে থেকেই তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। ২০০৪ সাল থেকে সংশ্লিষ্ট এলাকার জমি নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। তাঁদের বসতভিটা উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তাঁরা।
অন্যদিকে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশিবুর রহমান বলেন, ফায়ার সার্ভিসকে এই জমি জেলা প্রশাসন দেয়নি। তারা গণপূর্ত অধিদপ্তরের ৬ নম্বর খতিয়ান থেকে জমি কিনেছে। ভূমি অফিস ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে জমির সীমানা নির্ধারণ করেছে। সাইনবোর্ডে উল্লেখ করা খতিয়ান ও দাগ নম্বরের সঙ্গে ফায়ার স্টেশনের জমির কোনো সম্পর্ক নেই। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে তাঁর জানা নেই। কেউ নির্দিষ্ট জমির সীমানা ও আদালতের আদেশসহ আবেদন করলে বিষয়টি যাচাই করে দেখা হবে।
জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, আধুনিক ফায়ার স্টেশনের জমির দখলদারদের বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। যারা দখলে আছে তাদের নোটিশ দেওয়া হবে, তাদের কোন চাহিদা রয়েছে কি না সেসব বিষয় দেখা হবে এরপর উচ্ছেদ অভিযান চালানো হবে।
পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে হোটেল-মোটেল ও বহুতল ভবন। একই সঙ্গে রয়েছে প্রাকৃতিক ও নৌদুর্ঘটনার ঝুঁকি। এমন বাস্তবতায় আধুনিক ফায়ার স্টেশন নির্মাণের উদ্যোগ কবে বাস্তবায়িত হবে সেই প্রশ্নই বলে দিবে নিরাপত্তা নিশ্চিত কবে হবে।