সমুদ্রের ঢেউ, ঝাউবনের ছায়া আর রাতের আকাশে তারার মেলা। দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতেও পর্যটকদের বিনোদনের সুযোগ বাড়াতে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে ২৪ ঘণ্টা চালু রাখার পরিকল্পনা রয়েছে এ আয়োজন।
আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে এই কার্নিভাল। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন। ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিংয়ের পাশাপাশি থাকবে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস।
সকালে যোগব্যায়াম, দিনের বেলায় খেলাধুলা ও নানা বিনোদনমূলক কার্যক্রম এবং সন্ধ্যায় সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা ও ক্যাম্পফায়ার-সব বয়সী মানুষের জন্যই থাকছে ভিন্নধর্মী আয়োজন। কার্নিভালের প্রতিপাদ্য ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে হোটেল শৈবালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ওয়েলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ার, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি ও কক্সবাজার পর্যটন কার্নিভালের গণমাধ্যম সমন্বয়ক নুরুল ইসলাম হেলালী, বালুশিল্পী পল হগার্ড।
# সন্ধ্যার পরও পর্যটকদের ব্যস্ত রাখতে আয়োজন
আয়োজকদের মতে, কক্সবাজারে পর্যটকেরা সাধারণত দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বড় একটি সময় সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে কাটালেও সন্ধ্যার পর বিনোদনের সুযোগ তুলনামূলক কম। ফলে পর্যটকদের বাড়তি সময় কক্সবাজারে ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়। এখানে পর্যটকদের জন্য দিন-রাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। শুধু সমুদ্র উপভোগের মধ্যে পর্যটনকে সীমাবদ্ধ রাখলে এ খাতের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়।
তিনি বলেন, পরিবারের সব সদস্যের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা রাখা হচ্ছে। শিশুদের জন্য কিডস জোন, সকালে যোগব্যায়ামের জন্য ওয়েলনেস সেন্টার, পাশাপাশি ফুড জোন, মার্কেটপ্লেস ও উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
# ১৫ থেকে ২০টি বালুর ভাস্কর্য
কার্নিভালের অন্যতম আকর্ষণ হবে আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা চিত্র ফুটিয়ে তোলা হবে এসব শিল্পকর্মে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সব মিলিয়ে ১৫ থেকে ২০টি ভাস্কর্য তৈরি করা হবে। এর মধ্যে ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনার প্রতিকৃতিও থাকবে। এ কাজে অংশ নিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে এসেছেন দুই আন্তর্জাতিক বালুশিল্পী।
যুক্তরাজ্যের শিল্পী পল হগার্ড বলেন, বাংলাদেশে বালুর ভাস্কর্য তৈরি করতে পেরে তিনি আনন্দিত। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে এ শিল্পের সঙ্গে যুক্ত তিনি। এ পর্যন্ত প্রায় ২০০ থেকে ২৫০টি পূর্ণাঙ্গ হাতির বালুর ভাস্কর্য তৈরি করেছেন। কক্সবাজারে এসে কাজ করার অভিজ্ঞতাকে তিনি বিশেষ বলে উল্লেখ করেন।
নেদারল্যান্ডসের শিল্পী রেমি হগার্ড বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো বালুর ভাস্কর্য তৈরি করতে পেরে তাঁরা আনন্দিত। দেশের প্রকৃতি, প্রাণী ও মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করছেন তাঁরা। হাতির পাশাপাশি মাছ ধরার নৌকা ও একজন জেলের ইলিশ মাছ ধরার দৃশ্যও তুলে ধরার প্রস্তুতি চলছে।
বাংলাদেশি বালুশিল্পী জীবন রায় বলেন, ২০১২ সালে বালুশিল্পের সঙ্গে তাঁর পথচলা শুরু। দীর্ঘদিনের স্বপ্ন ছিল আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে নিয়ে কক্সবাজারে বড় পরিসরে বালুর ভাস্কর্য তৈরি করা। এবার সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, জীববৈচিত্র্য, জেলে ও কৃষকের জীবনসংগ্রাম বিশ্বের সামনে তুলে ধরতে চান তাঁরা।
# ক্যাম্পিং, ক্যাম্পফায়ার ও তারাভরা আকাশ
কার্নিভালে থাকছে সমুদ্রের কাছাকাছি ক্যাম্পিংয়ের সুযোগ। হোটেলকেন্দ্রিক পর্যটনের বাইরে প্রাকৃতিক পরিবেশে রাত কাটানোর অভিজ্ঞতা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
এ ছাড়া প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা থাকবে। বিভিন্ন ফুড স্টল থেকে খাবার সংগ্রহ করে দর্শনার্থীরা নির্দিষ্ট জায়গায় বসে খেতে পারবেন। গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের পাশাপাশি রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগও রাখা হচ্ছে।
আহমেদ সুপ্রতিম জানান, কার্নিভাল ২৪ ঘণ্টা চালু রাখার পরিকল্পনা রয়েছে। ফলে পর্যটকেরা নিজেদের সুবিধামতো সময়ে এসে সূর্যোদয়, সূর্যাস্ত কিংবা রাতের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
# স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ
পর্যটকদের বিনোদনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও সুযোগ তৈরি করা হচ্ছে। মার্কেটপ্লেস ও ক্রাফট ভিলেজে দেশীয় পণ্য, হস্তশিল্প ও ঐতিহ্য তুলে ধরার ব্যবস্থা থাকবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবাল ও মোটেল লাবনীর ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, কার্নিভালে হেলথ জোন, ইয়োগা জোনসহ প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন থাকবে। স্থানীয় উদ্যোক্তারা তাঁদের পণ্য দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। এটি তাঁদের ব্যবসা সম্প্রসারণের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হতে পারে।
কক্সবাজার হোটেল মালিক সমিতির সহসভাপতি আবু তালেব শাহ বলেন, পর্যটন নগরীতে পর্যটকদের দিন-রাত বিনোদনের সুযোগ থাকা প্রয়োজন। কক্সবাজারে রাতের বিনোদনের ক্ষেত্রে দীর্ঘদিনের সীমাবদ্ধতা রয়েছে। এই কার্নিভাল সেই ঘাটতি পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বিশেষ করে শীত মৌসুমে দিনের বেলায় বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে রাতে পর্যটকেরা কার্নিভালে এসে ভিন্নধর্মী অভিজ্ঞতা নিতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করে প্রতিবছর এ ধরনের আয়োজন করা উচিত।
# নিরাপত্তায় সিসিটিভি ও এআই প্রযুক্তি
৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত কার্নিভালে নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারিব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আহমেদ সুপ্রতিম বলেন, বিদেশি পর্যটকদের জন্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন এ কার্নিভালের উদ্যোক্তা। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
আয়োজকদের প্রত্যাশা, তিন মাসব্যাপী এ আয়োজন কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে রাতের পর্যটন সক্রিয় হলে পর্যটকদের অবস্থানের সময় বাড়বে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও পর্যটননির্ভর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।