কক্সবাজারের উখিয়া থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ৭টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৮, ব্লক-বি এলাকার বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং ক্যাম্প-৭, ব্লক-ই এলাকার বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযান ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে নিয়মিত টহল পরিচালনার সময় পালংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে হাতে পোটলা নিয়ে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে দুজনকে আটক করে।
পরবর্তীতে আটক ব্যক্তিদের সঙ্গে থাকা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আরও জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছে।