উখিয়ায় ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেয়ার বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত শফিউল আলম শফিক (২৮) হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত শফিক উপজেলার রত্না পালং ইউনিয়নের আমতলী গ্রামের মোহাম্মদ ইসলাম প্রকাশ বড় মনুর ছেলে।
সোমবার ভোর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রত্নাপালং ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন চারমোড় এলাকায় স্থানীয় দোকানমালিক কফিল ও মুসলিম নামের দুই ব্যক্তির মধ্যে মনোমালিন্য থেকে ঘটনার সূত্রপাত। এ বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া হয়। একপর্যায়ে মুসলিম বিষয়টি অভিভাবকদের কাছে জানান। তার অভিযোগে শফিকের নামও উঠে আসে। পরে মুসলিম বিষয়টি শফিকের বাবা মোহাম্মদ ইসলাম প্রকাশ বড় মনুকে জানান।
বাবার কাছে অভিযোগ করার বিষয়টি জানতে পেরে শফিক মুসলিমের কাছে গিয়ে এর কারণ জানতে চান। এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গত ৬ নভেম্বর আমতলী এলাকায় দু'জনের মধ্যে সংগঠিত ঘটনায় একপর্যায়ে মুসলিম তার হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে শফিকের মাথায় প্রচন্ড আঘাত করেন। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর শফিককে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজারে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোররাতে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা শফিক ছিল অত্যন্ত ভদ্র, নম্র ও বিনয়ী। পরিবারকে ঘিরে নানা স্বপ্ন ছিল শফিকের। কিন্তু একটি বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন ২৮ বছর বয়সী এই তরুণ।
স্থানীয় জনপ্রতিনিধি বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি প্রাণহানির মতো ভয়াবহ পরিণতিতে গড়াবে, তা কেউ ভাবেননি। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় প্রকৃত অপরাধ উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।