গিয়াস উদ্দিন
সাধারণত চৈত্রের শেষ কিংবা গ্রীষ্মের শুরুতে বাজারে দেখা মেলে কাঁচা আমের। তবে এবার অগ্রহায়ণের শুরুতেই টেকনাফের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে কাঁচা আম। চার মাস আগে অসময়ের এই ফল বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়।
গত সোমবার রাতে টেকনাফের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ফুটপাতে বসে কাঁচা আম বিক্রি করছেন নুরুল হোসেন। ক্রেতাদের নজর কাড়তে আমগুলোকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছেন। দাম বেশি হওয়ায় কেউ কেউ একটি-দুটি করে কিনছেন। আবার অনেকে দাম শুনেই ফিরে যাচ্ছেন।
নূরুল হোসেন বলেন, টেকনাফের বিভিন্ন গ্রাম থেকে আগাম বিভিন্ন ফল কিনে এনে বাজারে বিক্রি করেন তিনি। এবার কাঁচা আম প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছেন তিনি। মৌসুমের প্রথম ফল হিসেবে বেশ চাহিদাও আছে। নূরুল হোসেনের কাছ থেকে আম কিনছিলেন মোহাম্মদ আলী।
তিনি বলেন, 'অগ্রহায়ণ মাসে সাধারণত আম বাজারে আসার কথা নয়। আমার বাড়ির আশপাশে এখনো গাছে মুকুলের দেখা মেলেনি। এ অবস্থায় বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই আগাম ফল হিসেবে দাম বেশি হলেও ১৬০০ টাকায় দুই কেজি আম কিনেছি।’ নুরুল যাঁর কাছ থেকে আম কিনেছিলেন, সেই বাগানের মালিক মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘প্রায় ২৪ বছর আগে মিয়ানমারের মংডুতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানকার পাহাড়ের পাদদেশে আমের বাগান দেখে আমিও পাকা আম নিয়ে আসি। সেখানকার বাগানমালিকদের পরামর্শে টেকনাফে প্রায় দুইশ চারা রোপণ করি। নিয়মিত পরিচর্যার কয়েক বছরের মধ্যে অধিকাংশ গাছে আম ধরতে শুরু করে।’
কৃষি বিভাগ জানিয়েছে, টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন শাহপরীর দ্বীপ, পল্লানপাড়া, মিঠাপানির ছড়া, বড় ডেইল, বাইন্যাপাড়া ও নোয়াখালিয়া পাড়ায় কয়েক বছর ধরে আমের আগাম ফলন হচ্ছে।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম কুতুবী বলেন, চৈত্রের শেষ কিংবা গ্রীষ্মের শুরুতে কাঁচা আম বাজারে আসে। তবে অগ্রহায়ন মাসেই টেকনাফের হাটবাজারে কাঁচা আম এসেছে। অসময়ে ফলের বিষয়টি চাষিদের উৎসাহিত করছে। এ ছাড়া আবহাওয়ার কারণে আগাম আম বাজারে আসছে। অনেকেই ছবি তুলছেন এবং ফেসবুকে আপলোড করছেন।
জানতে চাইলে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কিছু বারোমাসি আম আছে, বছরে তিনবার ফলন হয়। কিন্তু টেকনাফের গাছগুলোতে তিনবার ফলন হয় না।
একবারই ফলন হচ্ছে, তাও আগাম। চৈত্রের আম পাওয়া যাচ্ছে অগ্রহায়ণ মাসে। গবেষণার মাধ্যমে এ গাছ বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা গেলে কৃষকেরা লাভবান হবেন।