উখিয়ায় মালয়েশিয়া পাচারের প্রলোভন দেখিয়ে এক কিশোরকে অপহরণ এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
গত রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আশেক (১৯) এবং মো. আবুল কালামের ছেলে মো. ইমরান উদ্দিন (২০)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দুপুরে উখিয়া উপজেলার মনখালী এলাকার মো. মাইমুন উদ্দিন (১৪) নামের এক কিশোর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি। পরবর্তীতে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এমনকি টাকা না দিলে তাকে হত্যা কিংবা সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প, এসআরবি-১৫)-এর একটি আভিযানিক দল নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মানবপাচারের উদ্দেশ্যে ওই কিশোরকে অপহরণ ও মুক্তিপণ দাবি করার বিষয়টি স্বীকার করেছে।
এ বিষয়ে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মানবপাচার ও অপহরণ চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।