কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, 'বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং দেশকে বাল্যবিবাহমুক্ত করা আমাদের একটি যৌথ সামাজিক দায়িত্ব। একটি সমাজ কতটা এগিয়ে যাচ্ছে, নারীর অগ্রগতিতেই তা প্রতীয়মান হয়। প্রতিটি সেক্টরে নারীদের অবদান চোখে পড়ার মত এবং সমাজ গঠনে বড় অবদান রাখছেন তাঁরা।'
সোমবার ( ২১ সেপ্টেম্বর ) দুপুরে খুরুশকুল ইউনিয়ন পরিষদ চত্বরে চাইল্ড সেইফটিনেট প্রজেক্ট ও ওর্য়াল্ড ভিশননের যৌথ সহযোগিতায় "খুরুশকুলকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
খুরুশকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: টিটু চন্দ্র শীল, সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুবেদার মেজর (অব.) আবদুল মাবুদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি বলেন, আমরা যদি সুন্দর, সবল একটি জাতি চাই, তাহলে আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। শিক্ষিত জাতি গঠনে বাল্যবিবাহ একটি অভিশাপ। তাই বাল্যবিবাহকে পরিত্যাগ করতে হবে। না হলে দেশের উন্নয়ন থেমে যাবে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। পরে স্বাক্ষরের মধ্য দিয়ে খুরুশকুল ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা দেন এমপি লুৎফুর রহমান কাজল।
এর আগে বেলা ১২ টায় পাবলিক লাইব্রেরি, সুভাষ চন্দ্র হলে, দূর্নীতি বিরোধী সচেতনতামূলক প্রচারনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমপি লুৎফুর রহমান কাজল।
খান ফাউন্ডেশন ও পালস বাংলাদেশ সোসাইটির বাস্তবায়নে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি জাহানারা ইসলাম। পরিবেশবাদী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এমপি বলেছেন, 'অনেকে মঞ্চে উঠে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন; কিন্তু এসব ব্যক্তিরা যে দুর্নীতি করেনা সেই কথা কেউ বলতে পারবে না। আমরা বাইরের দেশ থেকে ঋণ নিই, তারচেয়ে বেশী টাকা বিদেশে পাচার হয়। এই দুর্নীতি থামাতে হবে। দেশ ও সমাজ থেকে দুর্নীতি দূর করতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই যদি হয় বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত হবে।'
পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বন্যা পরবর্তী প্রয়োজনীয় হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এমপি কাজল। সেখানে তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে হাইজিন কিট বা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি। এমপি বলেছেন, 'পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা শিশুদের জন্য অপরিহার্য। প্রশাসন ও জনস্বাস্থ্যর এই উদ্যোগ শিশুদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।'
পরে স্কুল কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে মাঠ ভরাট, টিউবওয়েল ও সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।