মোহাম্মদ জাহাঙ্গীর,এডভোকেট
দেশের সব কিছু সংবিধান ও প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী পরিচালিত হবে, তা প্রত্যাশিত। মন্ত্রীপরিষদ শাসিত বা রাষ্ট্রপতি শাসিত সরকার সংবিধান অনুযায়ীই দেশ পরিচালনা করবে। বাংলাদেশের মানুষ উভয় প্রকারের সরকার ছাড়াও সামরিক সরকার, সেনা-সমর্থিত অস্থায়ী সরকার ও নিরপেক্ষভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে গঠিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছেন। বর্তমানে দেশে পাঁচ বছরের জন্য নির্বাচিত একটি মন্ত্রীপরিষদ শাসিত বা সংসদীয় সরকার আছে। সংসদে অতি শক্তিশালী একটি বিরোধী জোট আছে। কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্যও আছেন। দেশ ১৯৭২ সালের সংবিধান ( যা ২০১১ সালের পঞ্চদশ সংশোধনী পর্যন্ত সংশোধিত হয়েছে) অনুযায়ী পরিচালিত হচ্ছে। সংবিধানে রাষ্ট্রপতি, সংসদের স্পীকার, ডেপুটি স্পীকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলের নেতার ক্ষমতা ও দায়িত্ব নির্ধারিত আছে। সরকারী আমলা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, বিচারক, আইনজীবী সকলের ক্ষমতা ও দায়িত্ব আইনদ্বারা নির্ধারিত আছে। আবার বিচারকদের যেমন আচরণবিধি আছে,আইনজীবীদের জন্যও অবশ্য অনুসরণীয় আচরণবিধি আছে। কিন্তু রাজনীতিবিদদের জন্য দেশে দৃশ্যমান কোন লিখিত আচরণবিধি নাই।
আইনের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের বিভিন্ন পরীক্ষায় পাশ করে ’এডভোকেট’ হিসেবে তালিকাভুক্ত হয়ে যে কোন একটি আইনজীবী সমিতির সদস্য হয়েই একজন এডভোকেটকে আইনপেশা শুরু করতে হয়। ১৯৭২ সালের ’দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস’ এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রূলস’ এর ৬(২) অনুচ্ছেদে এডভোকেটদের একটি শপথনামা আছে এবং উকালতি পেশায়রত এডভোকেটদের জন্য অবশ্য অনুসরণীয় ৪ অধ্যায়ের ৪২টি আচরণবিধি আছে। আচরণবিধির কোন ধারা অমান্য করলে তা আইনজীবীর জন্য হবে ’পেশাগত অসদাচারণ’ বা ’প্রফেশনাল মিসকনডাক্ট’ যা বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল কর্তৃক বিচারযোগ্য ও শাস্তিযোগ্য অপরাধ। আইনজীবীদের শপথনামার প্রথমেই আছে, ’আমি সশ্রদ্ধচিত্তে শপথ করছি যে, আইনজীবীরূপে আমি আমার পেশার সুউচ্চ মান ও মর্যাদা সমুন্নত রাখব। একই সঙ্গে আত্মমর্যাদাবোধ ও এই পেশার প্রতি যথাযথ নিষ্ঠাবান থাকব এবং পেশাদারী আচরণ ও নৈতিক মানদন্ড অনুসরণ করে চলব।’ আচরণবিধির প্রথম অধ্যায়ে ’আইনজীবীদের প্রতি আচরণ’ শিরোনামের ১নং ধারায় উল্লেখ আছে, ’সবসময় নিজের পেশার সম্মান ও সুউচ্চ মান বজায় রাখা প্রত্যেক এডভোকেটের কর্তব্য এবং এই পেশার একজন সদস্য হিসেবে নিজের মর্যাদাবোধ ও ব্যক্তিগত মানদন্ড বজায় রাখাও কর্তব্য’। বাংলাদেশের অনেক পেশার মধ্যে কেবলমাত্র এডভোকেটদেরকেই ’বিজ্ঞ’ বলে সম্বোধন করা হয়। একজন ’বিজ্ঞ’ এডভোকেটের আচার আচরণে সব সময় বিজ্ঞতার ছাপ থাকা অবশ্যই উচিত। সকলের সব সময় স্মরণ রাখা উচিত আইনের আদালতে আবেগ, রাজনীতি ও গণতন্ত্রের কোন স্থান নাই। আদালত সব সময় চলবেন প্রচলিত আইন ও সাক্ষ্যপ্রমাণের ওপর ভিত্তি করে। কোন রাজনৈতিক দলের বড় একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে চালান দিলে যদি আদালত তাঁর জামিনাবেদন নামজ্ঞুর করেন তখন সংশ্লিষ্ট আইনজীবীর কর্তব্য হবে আদালতের বারান্দায় বা বাইরে অপেক্ষমান আত্মীয়স্বজন, কর্মী-সমর্থকদের বলা যে আদালত জামিন নামজ্ঞুর করেছেন আমরা জামিনের জন্য উচ্চ আদালতে, দায়রা জজ আদালতে যাব। ধৈর্য্য ধরুন, শান্ত থাকুন। আদালতের বারান্দায় বা আদালতের সামনে উচ্চকন্ঠে প্রতিবাদ করা, রাজনৈতিক শ্লোগান দেওয়া বেআইনী ও আদালত অবমাননার অপরাধ। মক্কেলের লোকজনের সাথে কোন দলান্ধ আইনজীবী আবেগাপ্লুত হয়ে শ্লোগানে অংশ নেওয়া অবশ্যই অপ্রত্যাশিত, আচরণবিধি লংঘন ও আইন পরিপন্থী। এতে জনসমক্ষে আইনপেশার সুউচ্চ মান ও মর্যাদা সমুন্নত থাকল না। আবার প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবৈধভাবে শ্লোগান দেওয়া ব্যক্তিদের, আইন নিজের হাতে তুলে নিয়ে, টানাহেচড়া করা, আইনজীবী সমিতির ভবনে আশ্রয় নিতে গেলে সেখানেও মারধর করা অপ্রত্যাশিত এবং আইন অনুযায়ী, দন্ডবিধির বিধান মতে দন্ডনীয় অপরাধ। তার জন্য সংক্ষুব্ধ যে কোন ব্যক্তি বা ভিকটিম বিচার চেয়ে মামলা দায়ের করতে পারেন, মামলা দায়ের করার অধিকার ভিকটিমের অক্ষুন্ন আছে। বিচার না চাইলে আদালত কারো ঘরে গিয়ে বিচার দিতে পারেন না। আদালত কক্ষের ভিতরে কেউ হৈ চৈ করে আদালতের স্বাভাবিক কাজে বিঘ্ন সৃষ্টি করলে আদালত ফৌজদারী কার্যবিধির ৪৮০ ধারার ক্ষমতাবলে বিচার কাজে বিঘ্ন সৃষ্টিকারীকে বা সৃষ্টিকারীদের আটকের আদেশ দিতে পারেন, জরিমানা করতে পারেন, অনাদায়ে কারাদন্ডাদেশ দিতে পারেন।
আইনজীবীসহ কেউ আইনের উর্ধ্বে নন। আদালত প্রাঙ্গণে সরকারী দলের বা বিরোধী দলের রাজনৈতিক শ্লোগান দেওয়া প্রচলিত আইন অনুমোদন করে না। সুতরাং দেশে আইনের শাসন পুনঃবহাল করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইন সম্পর্কে আইনজীবীদের, নেতাদের ও সংশ্লিষ্ট জনগণকে প্রয়োজনীয় আইনী শিক্ষা নিতে হবে, শিক্ষা দিতে হবে। এতে আবেগ, দেমাগ, লজ্জা ও আত্মঅহংকারের কোন স্থান নাই। নেতা-কর্মী, আমলা-কামলাসহ দেশের প্রায় সকলের মধ্যে নিজে আইন না মানার প্রবণতাই দেশের এখন প্রধান সমস্যা। সকলে আইনে নির্ধারিত নিজ নিজ দায়িত্ব-কর্তব্য পালন করলে, আইন মেনে চললে দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজী, অপশাসন, হানাহানি, খুনাখুনি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ।