মাত্র ২১ বছর বয়সেই বিশ্বের ধনকুবেরদের তালিকায় নাম লিখিয়েছেন ব্রাজিলের তরুণী আমেলি ভোয়িগট ত্রেহেস। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকার সমান।
আন্তর্জাতিক সাময়িকী ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ৩ হাজার ৩১৪তম। বিশ্বের সর্বকনিষ্ঠ নারী ধনকুবেরদের একজন আমেলি ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হিসেবেও পরিচিতি পেয়েছেন।
আমেলির এই বিশাল বিত্তবৈভবের মূল উৎস পারিবারিক উত্তরাধিকার। তার দাদা ওয়ার্নার রিকার্ডো ভোয়িগট ব্রাজিলের বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ‘ওয়েগ’-এর অন্যতম সহ-প্রতিষ্ঠাতা। ১৯৬১ সালে ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যের জারগুয়া দো সুল শহরে প্রয়াত ধনকুবের এগন জোয়াও দা সিলভা এবং জেরালদো ওয়েরনিংহাউসের সঙ্গে মিলে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।
একটি ছোট বৈদ্যুতিক মোটর তৈরির কারখানা হিসেবে যাত্রা শুরু করা ওয়েগ বর্তমানে লাতিন আমেরিকার বৃহত্তম বৈদ্যুতিক মোটর প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বিশ্বের ১০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির উৎপাদন কারখানা রয়েছে এবং ১৩৫টিরও বেশি দেশে তাদের পণ্য রফতানি হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় প্রায় ৭০০ কোটি ডলার।
ধনকুবের হওয়ার এই তালিকায় আমেলিই তার পরিবারের একমাত্র তরুণ সদস্য নন। এর আগে তার চাচাতো বোন লিভিয়া ভোয়িগট এবং দোরা ভোয়িগট ডি অ্যাসিসও মাত্র ১৯ ও ২০ বছর বয়সে ফোর্বসের বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ারদের তালিকায় স্থান পেয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন। দাদা ওয়ার্নার রিকার্ডো ভোয়িগটের রেখে যাওয়া শেয়ারের অংশীদারিত্ব থেকেই এই পরিবারের নতুন প্রজন্মের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন।
আমেলি ভোয়িগট ত্রেহেস ‘ওয়েগ’-এর অন্যতম বৃহৎ ব্যক্তিগত শেয়ারহোল্ডার হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে তার কোনো পদ নেই। এমনকি তিনি কোনো নির্বাহী দায়িত্বেও যুক্ত নন। তার যমজ দুই ভাইও প্রতিষ্ঠানটির বড় অংশীদার। মূলত পেশাদার নির্বাহীদের মাধ্যমেই তাদের পারিবারিক এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য পরিচালিত হয়।
বিপুল সম্পদের মালিক হয়েও অত্যন্ত সাধারণ ও প্রচারবিমুখ জীবনযাপন করেন আমেলি। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি নেই বললেই চলে। ব্রাজিলে জন্ম ও বেড়ে ওঠা এই তরুণী বর্তমানে দেশটির উপকূলীয় শহর ফ্লোরিয়ানোপোলিসে বসবাস করছেন এবং পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।