কক্সবাজারের টেকনাফে উপকূলীয় পাহাড় ছেড়ে অসুস্থ সঙ্গীকে নিয়ে লোকালয়ে নেমে এসেছে পুরুষ হাতি। পেছনের ডান পায়ে গভীর ক্ষত। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছে না বন্য স্ত্রী হাতিটি। এ অবস্থায় সঙ্গীর পাশে সার্বক্ষণিক অবস্থান করছে পুরুষ হাতিটি।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটি লোকালয়ে নেমে আসে।
স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিন ধরে বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।
স্থানীয়রা জানান, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ের চামড়া উঠে গেছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি ঠিকমতো হাঁটাচলা করতে পারছে না। তাদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কীভাবে বা কারা হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী হাতিটিকে এক মুহূর্তের জন্যও একা ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতিটি। চলাফেরার সময়ও সে স্ত্রীর পাশে থাকছে। স্ত্রী হাতিটি এগোতে কষ্ট পেলে পুরুষ হাতিটিকেও তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হাতি দুটির এমন দৃশ্য স্থানীয়দের আবেগাপ্লুত করে তুলেছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না হলে আহত হাতিটির শারীরিক অবস্থা আরও অবনতি হতে পারে। তাই বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি তার দল নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন কিংবা আক্রমণের চেষ্টা না করেন। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি
স্থানীয়দের একটাই প্রত্যাশা, দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠুক আহত স্ত্রী হাতিটি।