আবু মোরশেদ চৌধুরী
একজন সাধারণ দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যের অসাধারণ দায়িত্ববোধ আমাদের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির প্রচলিত চর্চা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।
১১ নভেম্বর, যুক্তরাষ্ট্রের ভেটেরানস ডে উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অবস্থিত ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’ বা অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সেখানে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তাঁর সফরসঙ্গীরা সমাধিস্থলে ছবি তোলার সময় হাসাহাসি করছিলেন। বিষয়টি লক্ষ্য করে সেখানে দায়িত্ব পালনরত মার্কিন সেনাবাহিনীর একজন প্রহরী তাঁদের সতর্ক করেন। তিনি উচ্চকণ্ঠে স্মরণ করিয়ে দেন, এই পবিত্র সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের সময় প্রত্যেক দর্শনার্থীকে নীরবতা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে হবে।
লক্ষণীয় বিষয় হলো, ওই প্রহরীর কাছে কারও পদমর্যাদা, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার অবস্থান মুখ্য ছিল না। তাঁর কাছে মুখ্য ছিল নিজের দায়িত্ব, সমাধিস্থলের পবিত্রতা এবং নির্ধারিত শিষ্টাচার ও প্রটোকল রক্ষা করা।
একজন সাধারণ দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যের এমন দৃঢ়তা, দায়িত্ববোধ ও পেশাদারত্ব, দেশপ্রেম নিঃসন্দেহে আমাদের জন্য একটি অসাধারণ শিক্ষণীয় দৃষ্টান্ত।
আমাদের বাস্তবতা: শ্রদ্ধা, নাকি আনুষ্ঠানিকতা?
এবার আমাদের দেশের প্রচলিত সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির দিকে একটু দৃষ্টিপাত করা যাক।
একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা দেশের শ্রদ্ধেয় জাতীয় নেতাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের দৃশ্য আমাদের সবারই পরিচিত। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, অনেক সময় এসব শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা পরিণত হয় মিছিল, উচ্চস্বরে স্লোগান, গতানুগতিক ‘জ্বালাও, জ্বালাও, আগুন জ্বালাও’ ধ্বনি, ধাক্কাধাক্কি এবং ছবি তোলার প্রতিযোগিতায়।
প্রশ্ন হচ্ছে, যাঁরা শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সেখানে যান, তাঁরা কি সত্যিই অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাতে যান, নাকি অনেক ক্ষেত্রে এটি লোক দেখানো আনুষ্ঠানিকতা, রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়া কিংবা প্রচারের একটি উপলক্ষ হয়ে দাঁড়ায়?
আমরা কি কখনো ভেবে দেখি, শহীদ মিনার কিংবা সমাধিস্থলের মতো পবিত্র স্থানে উচ্চস্বরে স্লোগান, বিশৃঙ্খলা ও পুষ্পস্তবক অর্পণের প্রতিযোগিতা কতটা বেমানান? শ্রদ্ধা নিবেদনেরও একটি শিষ্টাচার ও প্রটোকল রয়েছে। সেখানে প্রয়োজন নীরবতা, সংযম, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।
অথচ পরিতাপের বিষয়, আমাদের অনেক নেতা-কর্মীর মধ্যেই এখনো এই মৌলিক শিষ্টাচার ও মূল্যবোধের চর্চা গড়ে ওঠেনি। নেতৃত্ব মানে শুধু সামনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া কিংবা আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া নয়,বরং নিজের আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা এবং অনুসারীদেরও সেই শিক্ষা দেওয়া।
দিবসের তাৎপর্য বুঝতে হবে, প্রটোকল মানতে হবে
আমাদের এটাও বুঝতে হবে, একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবস। এই দুটি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, আবেগ, উদযাপনের ধরন ও আনুষ্ঠানিকতা এক নয়। প্রতিটি দিবসের নিজস্ব মর্যাদা, পরিবেশ ও প্রটোকল রয়েছে। শ্রদ্ধা নিবেদন এবং বিজয় উদযাপনের মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্য উপলব্ধি করাও আমাদের নাগরিক ও সামাজিক দায়িত্বের অংশ।
বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতৃত্বের উচিত, এসব জাতীয় দিবস পালনের আগে নিজেদের নেতা-কর্মী ও অনুসারীদের প্রয়োজনীয় শিষ্টাচার সম্পর্কে সচেতন করা। কারণ, একটি সংগঠনের পরিচয় শুধু তার বক্তব্য, স্লোগান কিংবা ব্যানারে প্রকাশ পায় না; বরং তার সদস্যদের আচরণেও প্রতিফলিত হয়।
আচরণই হোক শ্রদ্ধার প্রকৃত পরিচয়
তথ্যপ্রযুক্তির এই যুগে কোনো ঘটনাই আর স্থানীয় পরিসরে সীমাবদ্ধ থাকে না। মুহূর্তের মধ্যেই ছবি ও ভিডিও পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। আমাদের এমন আচরণ দেখে বিদেশে অবস্থানরত অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হতাশা প্রকাশ করেন। বিষয়টি শুধু বিব্রতকর নয়, বরং নিজেদের সামাজিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও নাগরিক শিষ্টাচার নিয়ে আত্মসমালোচনা করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
আমাদের মনে রাখা উচিত, শ্রদ্ধা কখনো উচ্চকণ্ঠে, স্লোগানে কিংবা প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করতে হয় না। প্রকৃত শ্রদ্ধা প্রকাশ পায় আচরণে, সংযমে, শিষ্টাচারে এবং অন্তরের অনুভূতিতে।
যাঁদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাতে যাই, তাঁদের আদর্শ ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের প্রথম শর্তই হলো যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখা।
আমরা যদি সত্যিই শহীদদের সম্মান করতে চাই, তাহলে শুধু পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা নয়, তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের একটি সুস্থ সংস্কৃতিও গড়ে তুলতে হবে। এই শিক্ষা আমাদের নিজেদের আগে গ্রহণ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে হবে।
কারণ, শ্রদ্ধার প্রকৃত সৌন্দর্য পুষ্পস্তবকের আকারে নয়, বরং শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের আচরণ, সংযম ও মানসিকতায়। একজন সাধারণ দায়িত্বপ্রাপ্ত মানুষের কাছ থেকেও কখনো কখনো একটি জাতির অনেক কিছু শেখার থাকে।