শিপন পাল
কক্সবাজার সদর ভূমি অফিসে প্রায় এক মাস ধরে কম্পিউটার ও অনলাইন প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে ভূমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। জমি হস্তান্তরের অনুমতি যাচাইয়ের ফাইল অনলাইনে স্থানান্তর, নামজারি ফাইল ট্রান্সফার, ভিপি সম্পত্তি এবং অন্যান্য খতিয়ান যাচাইয়ের কাজে দেখা দিয়েছে চরম জটিলতা। এতে দিনের পর দিন আটকে থাকছে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথিপত্র। ভোগান্তিতে পড়েছেন অসংখ্য সেবাপ্রার্থী।
ভুক্তভোগীদের অভিযোগ, কম্পিউটারের প্রযুক্তিগত সমস্যার কথা বলে দিনের পর দিন ফাইল আটকে রাখা হচ্ছে। অথচ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি নেই।
এছাড়া ভিপি সম্পত্তি সংক্রান্ত কার্যক্রম এবং অন্যান্য খতিয়ান যাচাইয়ের ক্ষেত্রেও সমস্যা চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় তথ্য যাচাই ও অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় অনেক সেবাপ্রার্থীকে বারবার ভূমি অফিসে আসতে হচ্ছে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ।
ভুক্তভোগী আবুল কালাম জানান, জমি হস্তান্তরের অনুমতির জন্য তিনি প্রায় দেড় মাস আগে আবেদন করেছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাঁর ফাইলের কার্যক্রম শেষ হয়নি। পুরো সপ্তাহ ধরে ফাইলটি কানুনগোর টেবিলে পড়ে রয়েছে। এতে তিনি চরম বেকায়দায় পড়েছেন।
একই ধরনের অভিযোগ করেন শরৎচন্দ্র নামের আরেক সেবাপ্রার্থী। তিনি জানান, তাঁর জমি হস্তান্তরের নথিটিও পুরো সপ্তাহ ধরে কানুনগোর টেবিলে পড়ে রয়েছে। এ বিষয়ে কানুনগোর সঙ্গে যোগাযোগ করলে কম্পিউটারের প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলে দায়সারা জবাব দেওয়া হয়।
কফিল উদ্দিন নামের আরেক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, গত কয়েকদিন ধরে তাঁর একাধিক ফাইল কানুনগোর কাছে আটকে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কম্পিউটারের সমস্যার কথা বলা হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, 'এখন কম্পিউটারের প্রযুক্তিগত সমস্যা কি সাধারণ মানুষ সমাধান করে দেবে? কানুনগোর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কী করতে পারি?'
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে কক্সবাজার সদর ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কানুনগো ছৌজি চাকমার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি 'এসব বিষয আমাকে বলেন কেন?' মন্তব্য করে ফোন কেটে দেন। পরবর্তীতে দ্বিতীয়বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সেবাপ্রার্থীদের প্রশ্ন, সরকারি দপ্তরের অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যার দায় কেন সাধারণ মানুষকে বহন করতে হবে? প্রায় এক মাস ধরে গুরুত্বপূর্ণ ভূমিসেবা ব্যাহত হলেও সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কোথায়?
ভুক্তভোগীরা দ্রুত কম্পিউটার ও অনলাইন প্রযুক্তিগত সমস্যা সমাধান, দীর্ঘদিন আটকে থাকা ফাইলের নিষ্পত্তি এবং ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।