টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাকঁখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ও বাংলাবাজার এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)-এর সদস্য সরওয়ার সাইদ।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি পিএমখালী ও বাংলাবাজার এলাকার বন্যাকবলিত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে সরওয়ার সাইদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বন্যায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের বসতভিটা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে, তাদের এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকব।”
তিনি বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।”
এ সময় উপস্থিত ছিলেন পিএমখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) লুৎফা তাহের, বিশিষ্ট সমাজসেবক শিবলু সিকদার, কলিম উল্লাহ, এবি যুব পার্টির নেতা নাছির উদ্দিন, মো. ইয়াসির রিদুয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।