প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে প্রেরিত খাদ্য সামগ্রী নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। গত চারদিন থেকে তিনি তাঁর নির্বাচনী এলাকা পৌরসভা, সদর, রামু ও ঈদগাঁও উপজেলার আনাচে-কানাচে ঘুরে বানভাসি মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
তারই ধারাবাহিকতায় চতুর্থ দিনের মতো সোমবার ( ১৩ জুলাই ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঝিলংজা মধ্যম মুহুরী পাড়া, দরিয়া নগর বড় ছড়া ও কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চত্বরে এসব হতদরিদ্রের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন এমপি লুৎফুর রহমান কাজল।
মানবিক এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, শুকনো খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, আর্থিক সহায়তা ও অন্যান্য জরুরি সামগ্রী।
পরে তিনি গর্জনিয়া মাঝির কাটা ও ক্যায়জর বিল-এর তিনটি নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। সেখানে থেকে তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেন এবং ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ দিয়ে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন।
এসময় এমপি কাজল বলেছেন, 'নদীভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিং করা হবে। নদীভাঙন রোধে এসব এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে তিনি জানান।'
পরিদর্শন শেষে সংসদ সদস্য পানিতে ভেসে গিয়ে নিহত নিরঞ্জন দাশ-এর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। তিনি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন৷
দুর্যোগপূর্ণ অবস্থায় ত্রাণ বিতরণ অব্যাহত রাখার পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং কৃষক ও খামারিদের সহায়তায় কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন, এমপি লুৎফুর রহমান কাজল।
এসব এলাকার পরিদর্শনের সময় তাঁর সাথে বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।