কক্সবাজারের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর রোগের ধরন বদলে যাচ্ছে। সংক্রামক রোগকে ছাপিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) এখন মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বিত পরিকল্পনা গ্রহণের সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
কক্সবাজারের একটি হোটেলে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা এই সুপারিশ করেন।
কর্মশালাটির শিরোনাম ছিল অসংক্রামক রোগ বিষয়ে প্রমাণ, উদ্ভাবন ও নীতিগত অগ্রাধিকার। জেলা পর্যায়ের এই কর্মশালার আয়োজন করে আইআরসি বাংলাদেশ। এতে সরকারি কর্মকর্তা, মানবিক সংস্থার প্রতিনিধি ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) নাজমুল ইসলাম ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন আইআরসি বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) সেরেনা জানেলা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আরআরআরসি নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, 'অসংক্রামক রোগীদের ব্যবস্থাপনায় শরণার্থী ক্যাম্পের সব স্বাস্থ্যকেন্দ্রকে সমন্বয় করে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উচিত রোগীদের ফলো-আপের জন্য ডিজিটাল ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দেওয়া। একই সঙ্গে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।'
আইআরসি বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর সেরেনা জানেলা বলেন, 'রোহিঙ্গা রেসপন্সে তহবিল কমে আসায় অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় আমাদের এমন পদ্ধতিতে জোর দিতে হবে, যা দীর্ঘস্থায়ী হবে এবং যার মূল ভূমিকায় থাকবে জনগোষ্ঠীর হাতে। এর মধ্যে শরণার্থী ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীতে কমিউনিটিভিত্তিক স্ক্রিনিং, নিজের যত্ন নেওয়ার উপর গুরুত্ব দিতে হবে।'
কর্মশালায় 'মানবিক প্রেক্ষাপটে অসংক্রামক রোগ চিকিৎসায় প্রমাণ তৈরি' শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), এমএসএফ, ব্র্যাক এবং আরআরআরসি কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা সতর্ক করেন, মানবিক তহবিল কমে যাওয়ায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অসংক্রামক রোগের সেবা চালু রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। কক্সবাজারের মানবিক সহায়তা কার্যক্রমে অসংক্রামক রোগের চিকিৎসায় তহবিল বরাদ্দকে অগ্রাধিকার দিতে দাতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।
কর্মশালায় অসংক্রামক রোগীদের নিয়ে পরিচালিত একটি গবেষণার ফলাফল উপস্থাপন করে আইআরসি। গবেষণা অনুযায়ী, ক্যাম্পগুলোতে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ নিয়ে উদ্বেগ বাড়ছে। আনুমানিক ১১ শতাংশ প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত এবং ২৬ শতাংশের রক্তচাপ বেশি। রোগ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ শতাংশেরও কম নিয়মিত চিকিৎসা ও ফলো-আপের আওতায় আছেন। জাতীয়ভাবে বাংলাদেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশের কারণ অসংক্রামক রোগ।