কুতুবদিয়ায় লবন উৎপাদনের শুরুতেই হোঁচট খেল চাষিরা। নিম্নচাপের প্রভাবে টানা তিনদিন গুড়ি বৃষ্টি হওয়ায় মাঠে এখনো পানি জমে রয়েছে। অনেক মাঠে গত একমাস ধরে লবন উঠছে। কোন মাঠে মাত্র প্রথমবার লবন সংগ্রহ করার অপেক্ষা। আবার কোন মাঠে কেউ একাধিক বার লবন তুলে বিক্রিও করছেন। এমন সময় বৃষ্টিতে বাধাগ্রস্ত হয় উৎপাদন।
মধ্যম কৈয়ারবিল লবন মাঠে চাষি কাশেম বলেন, ৪৮০ শতক(১২ কাণি) লবন চাষ করছেন। মাঠে সবেমাত্র লবন ফুটছিল। হঠাৎ বৃষ্টির আগমন। একবারও সংগ্রহ করতে পারলাম না। মাঠে পানি থাকবে ৭দিন, শুকাতে ও ফের মাঠ তৈরিতে যাবে আরো ৭দিন। শুরুতেই অন্তত ৩০০ মণ লবন বঞ্চিত হলাম।
কৈলাসঘোনা মাঠের চাষি ফারুক, নেজাম বলেন, দুইজনে ৩২০ শতক(৮ কাণি) লাগিয়ত নিয়ে মাঠে নেমেছি। ৮দিনে দুইবারে ৭০ মণ লবন তুলতে পেরেছি। বৃষ্টিতে দুই সপ্তাহ উৎপাদন বন্ধ হয়ে গেল। নাহলে অন্তত ১৪০ মণ লবন তারা তুলতে পারতেন। এমনিতেই এবার দ্বিগুণ দামে পলিথিন কিনে লবন চাষ করতে গিয়ে শুরুতেই লোকসানে পরতে হল।
লেমশীখালী খালী লবন মাঠের চাষি ছৈয়দ নুর বলেন, মাত্র একবার লবন উঠানোর পর বৃষ্টিতে মাঠ তলিয়ে গেল। পলিথিনে জমা লবনও নষ্ট হয়েছে। একই সাথে মাঠ পূণরায় তৈরি করতে এক সপ্তাহ লাগবে। সব মিলিয়ে দুই সপ্তাহের লবণ কমে গেল।
মাঠে চাষিরা পুরাতন লবন বিক্রি করে পাচ্ছে মণে ৩৫০ টাকা। নতুন লবণে দাম ২৫০ টাকা চলছে। সরকারি ভাবে প্রতি মণ লবণে দাম ৪২৫ টাকা নির্ধারণের কথা শোনা গেলেও তা চাষিদের জন্য খুব একটা সুখের হবেনা বলে মনে করেন লবন ব্যবসায়িরা।
লেমশীখালীর লবন ব্যবসায়ি সিরাজুল মোস্তফা( বাদশাহ) উত্তর ধুরুং ইউনিয়নের লবন ব্যবসায়ি মোহাম্মদ হোছাইন বলেন, লবনের দাম নির্ধারিত হলে চাষিরা লাভবান হবেনা। নারায়ণগঞ্জ, খুলনা,চট্টগ্রাম প্রভৃতি জায়গার লবন মিল মালিকদের সিন্ডিকেট না ভাঙতে পারলে চাষিরা হাড়ভাঙা পরিশ্রম করেও ন্যায্য দাম পাবেনা বলে মনে করেন তারা।
স্থানীয় বিসিকের পরিদর্শক জাকের হোছাইন বলেন, দুই বছর বন্ধ থাকার পর নতুন অর্থ বছরে কম দামে প্রান্তিক চাষিদের মাঝে তাদের নির্ধারিত ৬৮টি লবন প্লট লটারীর মাধ্যমে একসনা বরাদ্দ দেয়া হয়েছে। প্রতি প্লটে এক একর করে জমি রয়েছে বলেও জানান তিনি।