শিপন পাল
জেলায় জমির বাজারমূল্য নির্ধারণ ও দলিল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ সংশোধন করা হয়েছে। নতুন সংশোধিত বিধিমালা অনুযায়ী, জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। নির্ধারিত বাজারমূল্যের তালিকা কার্যকর থাকবে তিন বছর।
গত ১০ নভেম্বর নিবন্ধন অধিদপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮-এর ৬৯ ধারার ক্ষমতাবলে এ সংশোধনী আনা হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
নতুন বিধিমালার ফলে কক্সবাজার জেলার বিভিন্ন মৌজায় জমির বাজারমূল্য নির্ধারণে জমির প্রকৃত অবস্থান, শ্রেণি, ব্যবহার, যোগাযোগব্যবস্থা এবং সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্য অধিক গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে প্রচলিত মৌজা রেইটের সঙ্গে বাস্তব বাজারদরের যে ব্যবধান রয়েছে, তা কমানোর সুযোগ তৈরি হতে পারে।
নতুন বিধিমালা অনুযায়ী, পৌরসভা এলাকার জন্য দায়িত্ব পালন করবে জেলা কমিটি। অন্যদিকে, এসব এলাকার বাইরে অন্যান্য এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ করবে সংশ্লিষ্ট উপজেলা কমিটি। সে অনুযায়ী, কক্সবাজার পৌরসভা এবং বিধিমালায় জেলা কমিটির আওতাভুক্ত এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে জেলা কমিটি কাজ করবে। জেলার অন্যান্য ইউনিয়ন ও উপজেলা এলাকার জমির জন্য দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট উপজেলা কমিটি।
উপজেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক।
নতুন বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে ৬টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো- ১. জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, ২. যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা, ৩. সরকারি মালিকানাধীন সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য, ৪. সরকারি বিভিন্ন সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত বাজারমূল্য, ৫. স্থানীয় বাজারমূল্য অনুসন্ধান, গণনা ও অন্যান্য যৌক্তিক প্রক্রিয়ায় পাওয়া তথ্য-উপাত্ত, ৬. পূর্ববর্তী নিবন্ধিত দলিলের মূল্য এবং সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্য।
এছাড়া একই মৌজার মধ্যে জমির অবস্থান ও বৈশিষ্ট্য অনুযায়ী বাজারমূল্যের পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টার বা শ্রেণিতে ভাগ করে মূল্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ একই মৌজার সব জমির মূল্য এক হবে না। রাস্তার পাশে, বাজারসংলগ্ন, আবাসিক, বাণিজ্যিক কিংবা অপেক্ষাকৃত অভ্যন্তরীণ এলাকার জমির মূল্য পৃথকভাবে নির্ধারণের সুযোগ থাকবে।
নতুন বিধিমালা অনুযায়ী, চূড়ান্তভাবে নির্ধারিত বাজারমূল্যের তালিকা পরবর্তী ৩ বছর সংশ্লিষ্ট এলাকার জন্য কার্যকর থাকবে। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন তালিকা প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে বাজারমূল্যের তালিকা প্রস্তুত করতে হবে। এরপর ১৫ ডিসেম্বরের মধ্যে তা মহাপরিদর্শক, নিবন্ধন-এর কাছে পাঠানোর বিধান রয়েছে। তালিকা পাওয়ার পর মহাপরিদর্শক, নিবন্ধন ১৫ দিনের মধ্যে তা চূড়ান্ত করে আদেশ জারি করবেন। তবে তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো নির্দিষ্ট এলাকার স্থাবর সম্পত্তির বাজারমূল্যে যৌক্তিক পরিবর্তন ঘটলে কমিটি মহাপরিদর্শক, নিবন্ধনের পূর্বানুমতি নিয়ে পুনরায় বাজারমূল্য নির্ধারণ করতে পারবে।
নতুন বিধিমালায় দলিলে প্রদর্শিত মূল্য ও নির্ধারিত বাজারমূল্যের মধ্যে পার্থক্য থাকলে নিবন্ধনের ক্ষেত্রে কীভাবে মূল্য বিবেচনা করা হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।আদালতের ডিক্রিজারির মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে আদালতে সম্পাদিত দলিলে প্রদর্শিত মূল্যের ভিত্তিতে নিবন্ধনের বিধান রাখা হয়েছে।
অন্যদিকে, বায়নানামা দলিলে সম্পত্তির মূল্য উল্লেখ থাকলেও তা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময় বিদ্যমান বাজারমূল্য বিবেচনা করা হবে। আর বায়নানামা দলিলে উল্লেখিত মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়না দলিলে প্রদর্শিত মূল্য বিবেচনায় নেওয়া হবে।
নির্ধারিত বাজারমূল্যের তালিকা মহাপরিদর্শক, নিবন্ধন-এর কার্যালয়, জেলা ও দায়রা জজের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় এবং সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওয়েবসাইটেও তালিকা প্রকাশের বিধান রয়েছে। এর ফলে জমির ক্রেতা-বিক্রেতারা নিবন্ধনের আগে সংশ্লিষ্ট এলাকার নির্ধারিত বাজারমূল্য সম্পর্কে জানতে পারবেন। এতে মূল্য নির্ধারণের ক্ষেত্রে তথ্যের স্বচ্ছতা বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে নতুন বিধিমালার গুরুত্ব আরও বেশি। কারণ, দীর্ঘদিন ধরে সরকারি মৌজা রেইট ও বাস্তব বাজারদরের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকার অভিযোগ করে আসছেন জমির ক্রেতা-বিক্রেতারা।
ঈদগাঁও থেকে জমির দলিল নিবন্ধনের কাজে কক্সবাজারে আসা মনিরুল ইসলাম জানান, কক্সবাজার পৌরসভায় তাঁর এক টুকরো জমি রয়েছে। জমিটির প্রকৃত বাজারমূল্য প্রতি গণ্ডা প্রায় ২০ লাখ টাকা। কিন্তু প্রচলিত সরকারি মৌজা রেইট অনুযায়ী ক্রেতাকে দলিলে প্রতি গণ্ডা প্রায় ৬০ লাখ টাকা মূল্য দেখাতে হচ্ছে। ফলে অতিরিক্ত নিবন্ধন ব্যয়ের কারণে জমিটি বিক্রি করতে পারছেন না তিনি।
মনিরুল ইসলাম বলেন, ক্রেতারা জমিটি কিনতে আগ্রহী হলেও দলিল নিবন্ধনের জন্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা খরচ করতে হচ্ছে। এর বাইরে অন্যান্য খরচ তো রয়েছেই। ফলে ক্রেতারা পিছিয়ে যাচ্ছেন। এ কারণে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছি। অন্যদিকে, মেয়ের বিয়ের জন্য জরুরি ভিত্তিতে টাকারও প্রয়োজন।
তিনি আরও বলেন, এখানে এসে জানতে পেরেছি আগামী নতুন বছর থেকে নতুন নিয়মে জমির বাজারমূল্য নির্ধারণ করা হবে। যদি সত্যিই প্রকৃত বাজারমূল্য অনুযায়ী দলিল নিবন্ধন শুরু হয়, তাহলে আমাদের মতো জমির মালিকদের জন্য অনেক সুবিধা হবে। অতিরিক্ত নিবন্ধন ব্যয়ের চাপ কমলে জমি বিক্রি করাও সহজ হবে বলে আশা করছি।
এবিষয়ে কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোছাইন বলেন, কক্সবাজার জেলায় মৌজা রেইট নির্ধারণে দীর্ঘদিন ধরে বড় ধরনের তারতম্য রয়েছে, যা এখনো বিদ্যমান। বর্তমানে কক্সবাজার পৌরসভা মৌজায় প্রচলিত মৌজা রেইট অনুযায়ী প্রতি গণ্ডা নাল জমির মূল্য প্রায় ২৮ লাখ টাকা, ভিটি জমি ৪৪ লাখ টাকা, বাড়ি শ্রেণির জমি ৫৮ লাখ টাকা এবং দোকান ভিটি শ্রেণির জমির মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা।
অথচ বাস্তব বাজারে অনেক ক্ষেত্রে কক্সবাজার পৌরসভা মৌজার জমি প্রতি গণ্ডা ১০ থেকে ১৫ লাখ টাকা দরে কেনাবেচা হচ্ছে। ফলে ক্রেতাদের প্রকৃত ক্রয়মূল্যের তুলনায় অনেক বেশি সরকারি মৌজা রেইট ধরে দলিল নিবন্ধন করতে হচ্ছে। এতে নিবন্ধন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা জমি কেনার পরও দলিল নিবন্ধন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন। কেউ কেউ অতিরিক্ত নিবন্ধন ব্যয়ের কারণে জমি কেনার সিদ্ধান্ত থেকেও সরে আসছেন।
আবুল হোছাইন আরও বলেন, বাস্তব বাজারমূল্য কিংবা দাগভিত্তিক জমির অবস্থান বিবেচনায় নিয়ে মৌজা রেইট নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে এলাকার সর্বোচ্চ মূল্যমানের জমির রেট পুরো পৌরসভা কিংবা সংশ্লিষ্ট এলাকার ওপর প্রয়োগ করা হয়েছে। ফলে নির্ধারিত মৌজা রেইট নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ থেকেই গেছে।
তিনি বলেন, এবার সরকার জমির বর্তমান অবস্থান ও বাস্তব বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মৌজা রেইট নির্ধারণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে বাজারমূল্য নির্ধারণের সময় প্রতিটি এলাকার বাস্তব চিত্র, জমির শ্রেণি, দাগের অবস্থান, রাস্তা ও যোগাযোগব্যবস্থা এবং প্রকৃত ক্রয়-বিক্রয়ের তথ্য যথাযথভাবে বিবেচনা করতে হবে।
কক্সবাজার জেলা রেজিস্ট্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন বিধিমালার আলোকে জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ ও দলিল নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রচলিত সর্বনিম্ন মৌজা রেইট পদ্ধতি বাতিল করে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে উপজেলার, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ জনগণের সঙ্গে গণশুনানির মাধ্যমে সরাসরি মতামত ও তথ্য সংগ্রহ করা হবে।
সূত্র জানায়, জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে ভূমি কর্মকর্তাদের মাধ্যমে সম্পত্তির ব্যবহারভিত্তিক মূল্যায়ন করা হবে। পাশাপাশি জমির শ্রেণি, অবস্থান, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং সম্প্রতি নিবন্ধিত দলিলের মূল্য পর্যালোচনা করা হবে। স্থানীয় পর্যায়ে গণশুনানির মাধ্যমে জমির প্রকৃত ক্রয়-বিক্রয়মূল্য ও বাজার পরিস্থিতি সম্পর্কেও তথ্য নেওয়া হবে।
এসব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে নতুন বাজারমূল্যের তালিকা প্রস্তুত করা হবে। নতুন মূল্যতালিকা কার্যকর হলে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে সেই তালিকা অনুসারে জমির দলিল নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে একই মৌজার সব জমির জন্য একক মূল্য নির্ধারণের পরিবর্তে জমির প্রকৃত অবস্থান, শ্রেণি ও ব্যবহার অনুযায়ী পৃথক মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে। এতে দীর্ঘদিনের মৌজা রেইটসংক্রান্ত অসংগতি দূর হওয়ার পাশাপাশি জমির ক্রেতা-বিক্রেতাদের নিবন্ধন ব্যয় নির্ধারণে বাস্তবভিত্তিক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন বিধিমালার কার্যকর বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কক্সবাজারের পর্যটন, আবাসন, বাণিজ্যিক সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের কারণে বিভিন্ন এলাকার জমির বাজারমূল্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তাই পুরো মৌজার জন্য একক মূল্য নির্ধারণ না করে জমির প্রকৃত অবস্থান ও ব্যবহার অনুযায়ী মূল্য নির্ধারণ করা প্রয়োজন।
বিশেষ করে কক্সবাজার পৌরসভা, ঝিলংজা, খুরুশকুল, চৌফলদণ্ডী, পিএমখালী, ভারুয়াখালী, ঈদগাঁওসহ জেলার বিভিন্ন এলাকায় জমির বাজারদরের বাস্তব চিত্র যাচাই করে মূল্য নির্ধারণ করা হলে সাধারণ ক্রেতা-বিক্রেতারা উপকৃত হতে পারেন।
নতুন বিধিমালার মূল উদ্দেশ্য বাস্তবে প্রতিফলিত করতে হলে বাজারমূল্য নির্ধারণ কমিটিগুলোকে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ, স্থানীয় পর্যায়ে সরেজমিন অনুসন্ধান এবং প্রকৃত ক্রয়-বিক্রয়ের দলিল পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে জমির মালিক, ক্রেতা, দলিল লেখক ও স্থানীয় প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হলে বাজারমূল্য নির্ধারণ আরও বাস্তবসম্মত হতে পারে।
সরকারি মৌজা রেইট যদি প্রকৃত বাজারদরের কাছাকাছি নির্ধারণ করা হয়, তাহলে অযৌক্তিক নিবন্ধন ব্যয়ের চাপ কমবে, জমির দলিল নিবন্ধনে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষের জমি কেনাবেচা ও মালিকানা নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।