টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মহেশখালীর ধলঘাটা এবং কুতুবদিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। একই সঙ্গে মহেশখালী ও কুতুবদিয়া হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণের অনুমোদন এবং জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে নির্বাচনী এলাকায় স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে বড় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
কুতুবদিয়ায় পানিবন্দি ২ হাজার পরিবারকে ত্রাণ:
টানা অতিবৃষ্টিতে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সোমবার (১৩ জুলাই) পানিবন্দি মানুষের দুয়ারে ছুটে যান এমপি আলমগীর ফরিদ। এদিন তিনি আলী আকবর ডেইল, বড়ঘোপের আজম কলোনি এবং কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কুতুবদিয়ার পানিবন্দি প্রায় ২ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।
ত্রাণ বিতরণকালে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী, সদস্য সচিব এমএ সালাম কুতুবী, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব জাহেদ সিকদার, ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ মোকাররম, সদস্য সচিব আব্দুল মান্নানসহ সকল ইউপি চেয়ারম্যান এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একই দিন (সোমবার) ত্রাণ বিতরণের ফাঁকে শারীরিকভাবে অসুস্থ কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদকে দেখতে তাঁর বাসভবনে যান এমপি আলমগীর ফরিদ। এ সময় তিনি প্রবীণ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।
ধলঘাটায় বেড়িবাঁধ পরিদর্শন ও চাল বিতরণ:
কুতুবদিয়ার পর গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মহুরীর ডেইল এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও প্লাবিত গ্রামগুলো ঘুরে দেখেন এমপি আলমগীর ফরিদ। কয়েক দিনের টানা বর্ষণে ধলঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি প্রবেশ করেছে। পাশাপাশি মাছের ঘের ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। পরিদর্শনকালে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি খাদ্য সহায়তা হিসেবে চাল তুলে দেন। সাধারণ মানুষের দুর্ভোগের কথা শুনে তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থায়ীভাবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।
এ সময় এমপি বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় রয়েছে।" তিনি প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সহায়তা নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। বুধবার (১৫ জুলাই) ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া বাজারেও ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর গত তিন দিন তিনি মহেশখালীর বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেন।
৫০ শয্যায় উন্নীত হচ্ছে দুটি হাসপাতাল:
নির্বাচনী ইশতেহার পূরণের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে বড় ধরনের সফলতা পেয়েছেন সংসদ সদস্য আলমগীর ফরিদ। তাঁর বিশেষ উদ্যোগে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন করে ৫০ শয্যায় উন্নীতকরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে হাসপাতাল দুটিতে নতুন ভবন নির্মাণ এবং চাহিদা মোতাবেক প্রয়োজনীয় জনবল নিয়োগের ঘোষণাও দেওয়া হয়েছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই দাবি পূরণের খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত:
কক্সবাজার-২ আসনের এই সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মহান সংসদে এই কমিটি উপস্থাপন করেন। উপকূলীয় ও নদীবেষ্টিত মহেশখালী-কুতুবদিয়ার ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে এই কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি সচেতন মহল।