কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার ও আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় ৪৫ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং বিভিন্ন মামলায় লুণ্ঠিত ও চোরাই ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন ছিনতাইকারী, ১ জন মাদক ব্যবসায়ী, ১ জন মাদক সেবনকারী এবং ২ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। পাশাপাশি একই অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকেও আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত ছিনতাইকারী হলেন কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়ার নুর মোহাম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (৩১)। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
অভিযানে ৪৫ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় এস্কাফ সিরাপসহ মো. সালাউদ্দিন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হামিদুর রহমান পাড়ার মৃত কবির আহাম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মহেশখালীর তেলিপাড়া এলাকার মৃত আ. করিমের ছেলে সাহাব উদ্দিনকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া (নুর মোহাম্মদ কমিশনারের বাড়ির পাশে) এলাকার আব্দুল জলিলের ছেলে মো. শাহেদ (৩৮) এবং সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী ডেহেরিয়া ঘোনা এলাকার বাসিন্দা ও বর্তমানে পৌরসভার কালুর দোকান এলাকার 'মেসার্স নুর সুপার শপ' ও 'নুর রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস'-এর রাশেল নুরকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযান চলাকালে সদর থানার দুটি পৃথক মামলার সূত্র ধরে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে গত ২২ জুন দ্রুত বিচার আইনে দায়েরকৃত একটি মামলার সূত্র ধরে ১৫৫ সিসির নম্বরবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং গত ২৮ সেপ্টেম্বর দস্যুতার অভিযোগে দায়েরকৃত অপর একটি মামলার সূত্র ধরে নীল রঙের একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, অভিযানে আটক কিশোর গ্যাংয়ের ৬ সদস্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত যাচাই-বাছাই ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শহর ও সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।