পাহাড়ের দুর্গম জনপদে অনেক শিশুর কাছে শিক্ষা এখনো অধরা, চিকিৎসা যেন বিলাসিতা। দারিদ্র্য, যোগাযোগের অসুবিধা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে পিছিয়ে পড়ছে এসব শিশু। তাদের জন্য আবাসন, শিক্ষা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক হাজার শিশুর ধারণক্ষমতাসম্পন্ন একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে চান উথোয়াইংগ্যা মারমা। সেই উদ্যোগ বাস্তবায়নে মানুষের সহযোগিতা ও সমর্থন চেয়ে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন ১২ জনের একটি দল।
‘ওয়াক ফর হিউম্যানিটি’ নামের এই পদযাত্রা গত ১৮ নভেম্বর সকাল সাতটায় কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার জিরো পয়েন্ট থেকে শুরু হয়। খালি পায়ে সাদা পোশাক পরে যাত্রা করা দলটির পরিকল্পনা, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বৌদ্ধবিহার ঘুরে আগামী ১ জানুয়ারি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানো। সেখানে পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিগুলো তুলে ধরতে চান তাঁরা।
পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বান্দরবানের লামা উপজেলার উথোয়াইংগ্যা মারমা। ২০১০ সাল থেকে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। ২০২২ সালে লামায় মাত্র ৯ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে প্রতিষ্ঠা করেন ‘রংখেদং শিশু সদন’। পরে আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় গড়ে তোলেন ‘প্রেন্নুই শিক্ষালয়’। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠান দুটিতে চাকমা, মারমা, ম্রো, বম, খুমিসহ সাতটি সম্প্রদায়ের ২৬০ শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।
এই শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষা ও জীবনযাপনের নানা প্রতিবন্ধকতা কাছ থেকে দেখেছেন উথোয়াইংগ্যা মারমা। তাঁর অভিজ্ঞতায়, দরিদ্র পরিবারের অনেক শিশু পারিবারিক অভাব-অনটন ও কৃষিকাজে যুক্ত থাকার কারণে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। অনেক এলাকায় পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার সুযোগও নেই। ফলে শৈশব থেকেই বৈষম্যের শিকার হচ্ছে এসব শিশু।
এবার সেই অভিজ্ঞতা থেকেই আরও বড় পরিসরে কাজ করতে চান তিনি। এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্য একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা করেছেন। সেখানে শিশুদের আবাসন, মানসম্মত শিক্ষা, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জীবনমুখী ও পরিবেশভিত্তিক শিক্ষার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার সুযোগও রাখতে চান তিনি।
উথোয়াইংগ্যা মারমা বলেন, ‘পাহাড়ের উন্নয়নের কথা বিবেচনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা আশাবাদী, বর্তমান প্রধানমন্ত্রীও পাহাড়ের মানুষের কথা শুনবেন এবং এ অঞ্চলের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’
তিনি আরও বলেন, পাহাড়কে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে এ অঞ্চলের একটি বড় জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে। এতে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান কঠিন হয়ে পড়বে। তাই পাহাড়ের মানুষের প্রত্যাশা ও দাবিগুলো বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
পদযাত্রায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আমজাদ হোসেন। পাহাড়ের শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি সেসব সহায়তার যথাযথ ব্যবহারও জরুরি বলে মনে করেন তিনি।
মো. আমজাদ হোসেন বলেন, ‘শিক্ষা খাতে বিভিন্ন সময়ে সহযোগিতা এসেছে এবং ভবিষ্যতেও আসবে-এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে এত সহযোগিতার পরও কাঙ্ক্ষিত বড় ধরনের পরিবর্তন আসেনি। কারণ, সহযোগিতার অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়নি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না। ফলে এসব উদ্যোগের প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।’
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে সহায়তা এলেও যেসব ক্ষেত্রে সামান্য সহযোগিতার মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব, সেসব গুরুত্বপূর্ণ জায়গায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছায়নি। সহযোগিতার সঠিক ব্যবহার ও অগ্রাধিকার নির্ধারণ করা গেলে আরও ভালো ফল পাওয়া সম্ভব।
১২ সদস্যের দলটির সদস্যদের সবার পরনে সাদা পোশাক। তাঁদের একজনের হাতে রয়েছে শান্তির প্রতীক সাদা নিশান ও জাতীয় পতাকা। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্তি ও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। তবু লক্ষ্য থেকে সরে আসতে চান না কেউ।
বর্তমানে দলটি কক্সবাজারের মহেশখালীতে অবস্থান করছে। টেকনাফ থেকে শুরু হওয়া এই পদযাত্রায় পাহাড়ি-বাঙালি নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও সহযোগিতা সংগ্রহ করছেন তাঁরা।
পদযাত্রার সদস্যদের প্রত্যাশা, তাঁদের এই উদ্যোগের মধ্য দিয়ে পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সমান অধিকার নিশ্চিত করার বিষয়টি নীতিনির্ধারকদের নজরে আসবে। এক হাজার শিশুর জন্য একটি মানবিক ক্যাম্পাস গড়ার স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি পাহাড়ের শিশুদের জন্য তৈরি হবে সম্ভাবনাময় ভবিষ্যতের পথ।