মহেশখালীতে সরকারি মহিলা কলেজের নবীন বরণ এবং 'দোহা'স ফাউন্ডেশন'-এর মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
বৃহস্পতিবার দিনব্যাপী পৃথক এই দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সকালে মহেশখালী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি নারী শিক্ষার প্রসার ও সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে 'দোহা'স ফাউন্ডেশন'-এর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সুলতানসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন। বক্তারা অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়াতে দোহা'স ফাউন্ডেশনের এই সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।